২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমরাহ শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া

ওমরাহ পালন শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওমরাহ পালন শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত সোয়া ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের বিমানে তিনি ঢাকা পৌঁছেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ নেতৃবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বিরোধী দলীয় নেতাকে স্বাগত জানান গত ১৮ অগাস্ট তিনি ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান। ২২ অগাস্ট মক্কায় ওমরাহ পালন করেন। সোমবার রাতে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। বিমানবন্দরে সৌদি বাদশা'র প্রতিনিধি ও বিএনপির স্থানীয় নেতারা তাকে বিদায় জানান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন বিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান। খালেদা জিয়া মক্কায় বিদায়ী তওয়াফ এবং মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন। মক্কা ও মদিনায় অবস্থানকালে বিরোধীদলীয় নেতা মসজিদুল হারাম ও মসজিদুন নববীতে নামাজ আদায় ও ইবাদত বন্দেগী করেন। তিনি দেশের মানুষের সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করেন, বলেন মারুফ কামাল খান। প্রেস সচিব আরো বলেন, খালেদা জিয়া সৌদি আরবের বাদশা'র উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রী ড. আবদুল্লাহ ওমর নাছেরের সঙ্গেও বৈঠক করেন। খালেদা জিয়ার সফরসঙ্গী ছোট ভাই শামীম এস্কান্দার, স্ত্রী কানিজ ফাতেমা, দুই ছেলে সায়েফ এস্কান্দার ও ফাসবীর এস্কান্দার, প্রেস সচিব মারুফ কামাল খান, বিরোধীদলীয় নেতা সহকারী একান্ত সচিব সুরতুজ্জামান ও আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ নুরুও একই বিমানে দেশে ফেরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/২০৪৯ ঘ.