মুন্সীগঞ্জ, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া-কাওড়াকান্দি নৌ-পথে পদ্মার ডুবোচরে আটকা ফেরি রামশ্রী মঙ্গলবার বিকাল পর্যন্ত উদ্ধার করা যায়নি।
রোববার রাতে কাওড়াকান্দি যাওয়ার পথে আটটি ট্রাক ও আটটি ছোট গাড়িসহ ২৪টি যান নিয়ে কবুতর খোলার কাউলিয়ার চরে আটকা পড়ে রামশ্রী।
মঙ্গলবার বিকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেরিটি যেখানে আটকা পড়েছে সেখানে পানি কম থাকায় উদ্ধারকারী জাহাজ পৌঁছাতে পারছে না। তাই উদ্ধারকারী ছোট্ট জাহাজ 'ক্ষণিকা ' দিয়ে ফেরিটি উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে একই পথে ২৬টি যান নিয়ে রো রো ফেরি খান জাহান আলী আটকা পড়েছিল। সাড়ে ১০ ঘণ্টা পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সেটি উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪০ ঘ.
bdnews24