মানিকগঞ্জ, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাটুরিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা গাড়ির দীর্ঘ সারি কমতে শুরু করেছে।
মঙ্গলবার বিকালে আভ্যন্তরীণ নৌ চলাচল করপোরেশ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান জানান, আস্তে আস্তে গাড়ির দীর্ঘ লাইন কমছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নদী পার হতে আসা অপেক্ষারত প্রায় চার শতাধিক বাসের মধ্যে বিকাল সাড়ে ৩টার দিকে আড়াই শতাধিক পর্যন্ত পার হতে পেরেছে। আর অপেক্ষারত দেড় শতাধিক ছোট যানবাহনের মধ্যে পার হয়েছে শতাধিক।
ঈদে ঘরমুখো মানুষের চাপে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সোমবার রাত থেকে পাটুরিয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের অন্তত সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন ছিলো বলে জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। যানজটের কবলে পড়ে দুর্ভোগে পড়ে হাজার হাজার ঘরমুখো মানুষ।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নয়টি রো রো (বড়) ও একটি কে-টাইপ ছোট ফেরি যানবাহন পারাপার করছে।
মাওয়া-কাওড়াকান্দি রুটের ফেরি ঘাটেও যানজট কমছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫৫৮ ঘ.
bdnews24