ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক মাসুদ ও আশফাক মুনীরের সঙ্গে একই দুর্ঘটনায় নিহত আরো তিনজনের পরিবারকে দু'লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা এ অর্থের চেক নিহতদের পরিবারের সদস্যদের হস্তান্তর করেন।
যাদের পরিবারকে এ সাহায্য দেওয়া হয়েছে তারা হলেন- মোহাম্মদ মোস্তাফিজ, মোতালেব হোসেন ওয়াসিম ও মোহাম্মদ জামাল মিয়া। এ তিনজনসহ তারেক ও মুনীর গত ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওরের জোকা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং সমবেদনা প্রকাশ করেন। পরিবারের সদস্যরা আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাইক্রোবাস চালক মোহাম্মদ মোস্তাফিজের বাবা আবুল কালাম মৃধা ও স্ত্রী আয়শা আক্তার পপি প্রত্যেকে এক লাখ টাকার চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর হাত থেকে। তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার মোতালেব হোসেন ওয়াসিমের স্ত্রী মোসাম্মত মরিয়ম দু'লাখ টাকার চেক গ্রহণ করেন। তারেক মাসুদের প্রোডাকশনের কর্মী মোহাম্মদ জামালের মা রিনা বেগম ও স্ত্রী রুমা আক্তার প্রত্যেকে এক লাখ টাকার চেক নেন।
চেকপ্রদানের সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সংরক্ষিত নারী আসনের সাংসদ সাধনা হালদার, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের প্রধান নির্বাহী মাহাবুবুল হক শাকিল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি আব্দুস সোবহান গোলাপ, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মোহাম্মদ মোহসীন মিয়া।
একই সড়ক দুর্ঘটনায় আহত চিত্রকর ঢালী আল মামুনের চিকিৎসার জন্য তার স্ত্রী চিত্রকর দিলারা বেগম জলিকে এর আগেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
এর আগে, তারেক মাসুদ ও আশফাক মুনীরের পরিবারের সদস্যরা গত বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
গণভবনে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ এবং আশফাক মুনীরের (মিশুক) স্ত্রী মঞ্জুলী কাজী ও ছেলে সুহৃদ মুনীর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি তারেক মাসুদের অসমাপ্ত চলচ্চিত্র 'কাগজের ফুল' নির্মাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ক্যাথরিনকে বাংলাদেশে থেকে তারেক মাসুদের অসমাপ্ত কাজ শেষ করারও অনুরোধ জানান শেখ হাসিনা।
ওই সড়ক দুর্ঘটনায় ক্যাথরিনও আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৫৪১ ঘ.
bdnews24