২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস খাদে পড়ে দম্পতির মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাস খাদে পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৬ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 08:35 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

গাজীপুর, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাস খাদে পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৬ জন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার টঙ্গী-কালীগঞ্জ সড়কের নলছাটা সেতুর পূর্ব পাশে দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাজীপুর সদর উপজেলার স্টার লাইফ পোশাক কারখানার শ্রমিক কাওসার (২২) ও তার স্ত্রী কলি ওরফে রোজিনা (১৮)। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকায়। স্টার লাইফ পোশাক কারখানার শ্রমিকরা ঈদে বাড়ি যাওয়ার জন্য একটি বাস ভাড়া করে। তাদের বাড়ি কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায়। কালীগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, শ্রমিক বোঝাই বাসটি দড়িপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ভৈরব হাসপাতালে নেওয়ার পথে কাওসার ও কলির মৃত্যু হয়। আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। এদিকে, জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল করিম জানান, গাজীপুর সদরের মাজুখান এলাকায় সকাল ১০টার দিকে একটি ট্রাককে পাশ কাটাতে যেয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫-১৬ জন আহত হয়। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৩১ ঘ.