ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবারের মতো এবারো সৌদি আরবের সঙ্গে মিলিয়ে মঙ্গলবার ঈদ উদযাপন করছে চাঁদপুর, বরগুনা ও ঝিনাইদহ জেলার অর্ধশতাধিক গ্রামের বাসিন্দারা।
একইভাবে ঈদ পালন করছে শরীয়তপুর, পটুয়াখালী, বরিশাল, শেরপুরসহ দেশের আরো কয়েকটি জেলার কয়েকশ' গ্রামের বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
চাঁদপুর: জেলার পাঁচ উপজেলার ৫০টিরও বেশি গ্রামের বাসিন্দারা মঙ্গলবার ঈদ পালন করছে।
গ্রামগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোল¬া, হাঁসা, গোবিন্দপুর; মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রাম।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের সাদ্রা হামিদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে মঙ্গলবার সকাল ১০টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সাদ্রা দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন পীর মাওলানা আবু জোফার মো. আবদুল হাই।
এছাড়া সকাল ১১টায় সাদ্রা মাজার শরীফ প্রাঙ্গণে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখার খবরের উপর ভিত্তি করে এসব গ্রামে রোজা শুরু ও ঈদ পালিত হয়ে আসছে বহু বছর ধরে। এর ধারাবাহিকতায় এবারো এসব গ্রামে সারা দেশের চেয়ে একদিন আগে অর্থাৎ ১ অগাস্ট থেকে রোজা রাখা শুরু হয়।
এ মতবাদের প্রবর্তক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের প্রয়াত পীর মাওলানা ইসহাক।
তার বড় ছেলে ও সাদ্রা দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন পীর মাওলানা আবু জোফার মো. আবদুল হাই বলেন, "আরব বিশ্বের সঙ্গে মিল রেখে ঈদসহ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানাদি পালন করে থাকি আমরা। সোমবার আমাদের ২৯ রোজা পূর্ণ হয়েছে। আরব বিশ্বে চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।"
বরগুনা: বরগুনার নয়টি গ্রামের আড়াই হাজারের বেশি মানুষ মঙ্গলবার ঈদ উদযাপন করছে।
গ্রামগুলো হলো- বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের পাজরাভাঙ্গা, কালিরতবক, গৌরীচন্না ইউনিয়নের ধুপতি, গৌরীচন্না, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, কুকুয়া ইউনিয়নের কুকুয়া, পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের সিংড়াবুনিয়া ও কাকচিড়া গ্রাম।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা শরীফ বাড়ি মসজিদ, বেতাগীর বকুলতলী মালেক চেয়ারম্যানের বাড়ি, আমতলীর গোজখালী শাহসাবের বাড়ি ও কুকুয়ায় আলাদা ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বরগুনার হাইস্কুল সড়কের মোখলেসুর রহমান শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব গ্রামবাসী হযরত কাদেরিয়া চিশতিয়া তরিকাপন্থী। তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং একই দিনে ঈদ পালন করে থাকেন।
কুকুয়া গ্রামের কাদিয়ানী স¤প্রদায়ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উৎসব পালন করছে।
ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ১২ গ্রামের শতাধিক মানুষ মঙ্গলবার ঈদ উদযাপন করেছে। এগুলোর মধ্যে রয়েছে ভবানীপুর, শ্রীপুর, হরিণাকুন্ডু, শুড়া, চিথলিয়াপাড়া,পার্বতীপুর, তাহেরহুদা, বলরামপুর, বৈঠাপাড়াসহ আরো কয়েকটি গ্রাম।
এ ঈদ উদযাপনের আয়োজক মো. সায়েদুর রহমান জানান, হরিণাকুন্ডু ঈদগা মাঠে ঈদের জামাতের আয়োজন করা হলেও স্থানীয় কিছু লোকের বাধার কারণে তার বাড়ির আঙ্গিনায় ঈদের নামাজ আদায় করা হয়।
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, "আমি শুনেছি ৫০-৬০ জন লোক মঙ্গলবার ঈদের নামাজ পড়েছেন। তারা আজ ঈদ উদযাপন করছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১২৪৮ ঘ.
bdnews24