২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু: চুয়াডাঙ্গায় মুরগি ও ডিম নিধন

বার্ড ফ্লু সংক্রমণের কারণে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি খামারের প্রায় চার শতাধিক মুরগি মেরে ফেলার পাশাপাশি শতাধিক ডিম মাটিচাপা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 06:10 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

চুয়াডাঙ্গা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমণের কারণে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি খামারের প্রায় চার শতাধিক মুরগি মেরে ফেলার পাশাপাশি শতাধিক ডিম মাটিচাপা দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কোহিনুর ইসলাম জানান, প্রশাসনের সহযোগিতায় সোমবার গভীর রাতে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের দক্ষিণপাড়ার জাহাঙ্গীর আলমের মুরগির খামারে এসব মুরগি মেরে ফেলা হয়। কোহিনুর জানান, গত কয়েকদিন ধরেই জাহাঙ্গীরের খামারে মুরগি মারা যাচ্ছিলো। সন্দেহ হওয়ায় মরা মুরগির নমুনা ঢাকায় পাঠানো হয়। "সোমবার সন্ধ্যায় আমরা রিপোর্ট পেয়েছি। এতে বার্ড ফ্লুর সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে," বলেন তিনি। খামারটি তিন মাস পর্যবেক্ষণে রাখা হবে জানিয়ে কোহিনুর বলেন, আশপাশের এক মাইলের মধ্যে সব ধরনের মুরগি বেচাকেনা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২০৫ ঘ.