২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার নয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৪৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 05:48 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার নয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৪৫ জন। কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক উল্টে দুই ভাইসহ নিহত হন চারজন। গাজীপুরের কালীগঞ্জে বাস খাদে পড়ে এক দম্পতি, নোয়াখালীতে বাসচাপায় এক শিশু, মাগুরায় বাসচাপায় এক ব্যবসায়ীর এবং চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- কুমিল্লা: দাউদকান্দি উপজেলায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক উল্টে দুই ভাইসহ চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুই জন। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হতাহতরা সবাই ট্রাকের যাত্রী। ঈদ উপলক্ষে তারা বাড়ি ফিরছিলো। নিহতরা হলেন- ঢাকার জুরাইনের বাসিন্দা দুই ভাই সজীব (২৫) ও শুভ (১৮), শরিয়তপুরের দামোরদার এলাকার প্রয়াত আবদুল ওহাব ব্যাপারীর ছেলে সুমন আহমেদ (২৫) এবং অজ্ঞাতনামা এক যুবক (২৪)। আহতদের মধ্যে ট্রাকচালক মো. হাসানকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি নিহত শুভ ও সজীবের বাবা। দাউদকান্দি মহাসড়ক পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইস্পাতের পাতবাহী ট্রাকটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলো। রায়পুর বাজারের কাছে আসার পর ট্রাকটির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জন মারা যায়। ঘটনাস্থল থেকে দাউদকান্দি মহাসড়ক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, লাশগুলো পুলিশ হেফাজতে রয়েছে। গাজীপুর: কালীগঞ্জ উপজেলায় বাস খাদে পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৬ জন। নিহতরা হলেন- গাজীপুর সদর উপজেলার স্টার লাইফ পোশাক কারখানার শ্রমিক কাওসার (২২) ও তার স্ত্রী কলি ওরফে রোজিনা (১৮)। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকায়। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার টঙ্গী-কালীগঞ্জ সড়কের নলছাটা সেতুর পূর্ব পাশে দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্টার লাইফ পোশাক কারখানার শ্রমিকরা ঈদে বাড়ি যাওয়ার জন্য একটি বাস ভাড়া করে। তাদের বাড়ি কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায়। কালীগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, শ্রমিক বোঝাই বাসটি দড়িপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ভৈরব হাসপাতালে নেওয়ার পথে কাওসার ও কলির মৃত্যু হয়। আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এদিকে, জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল করিম জানান, গাজীপুর সদরের মাজুখান এলাকায় সকাল ১০টার দিকে একটি ট্রাককে পাশ কাটাতে যেয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫-১৬ জন আহত হয়। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। নোয়াখালী: জেলা শহরে সোনাপুর-বেগমগঞ্জ সড়কে বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রনি (৮) স্থানীয় কৃষক নুরুল হুদার ছেলে। মঙ্গলবার ভোর ৬টার দিকে শহরের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে রনি তার দুই বন্ধুসহ সোনাপুর-বেগমগঞ্জ সড়কে হাঁটছিলো। এ সময় সোনাপুর থেকে ঢাকাগামী একুশে পরিবহনের একটি বাস রনিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দু'জন অক্ষত রয়েছে। বাসটি আটক করা যায়নি বলে জানান এসআই। মাগুরা: সদর থানায় বাসের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো অন্তত নয় যাত্রী। এদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকি আট জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও আহতরা জানায়, সোমবার রাত সাড়ে ১০টায় মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা দরগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুদি ব্যবসায়ী অরুণ কুমার মিত্র সদর উপজেলার আবাইপুর গ্রামের বাসিন্দা। হাসপাতালে চিকিৎসাধীন সৈকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাগুরা থেকে একটি যাত্রীবাহী টেম্পু হাটগোপালপুরের দিকে যাচ্ছিলো। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রিবাহী বাস টেম্পুটিকে চাপা দেয়। আহত যাত্রীদের হাসাপাতালে ভর্তির পর অরুণ মারা যান বলে জানান সৈকত। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির। চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া থানাধীন বিসিক এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নিহত হন মো. হাসান (২৫)। তিনি পটিয়ার গোবিন্দ খিল গ্রামের আলী আহম্মদের ছেলে। এ দুর্ঘটনায় আহত মিন্টু নামে আরেকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটিয়া থানার ওসি এম এ সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিসিক এলাকায় ভবন নির্মাণের কাজে ব্যবহৃত সিমেন্ট মেশানোর একটি যন্ত্র ঠেলে নিয়ে যাওয়ার সময় প্রাইভেটকারটি পেছন থেকে দু'জনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাসান মারা যান। তিনি বলেন, "প্রাইভেটকারটি আটক করা যায়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/সিএস/পিডি/১৭০২ ঘ.