২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অতিরিক্ত যাত্রীর 'চাপে' ট্রেন অচল

ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসের তিনটি বগি অচল হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 04:46 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

চট্টগ্রাম, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসের তিনটি বগি অচল হয়ে পড়েছে। বগি তিনটি রেললাইনে অচল হওয়ায় ওই রুটের অন্য ট্রেনের সময়সূচী পিছিয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে চট্টগ্রামের কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের ডিভিশনাল ট্রাফিক কর্মকর্তা মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১১টি বগি নিয়ে সকাল ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে মহানগর প্রভাতী ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। অতিরিক্ত যাত্রীর কারণে কুমিরায় পৌঁছালে হঠাৎ করেই এর তিনটি বগি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে।" রেললাইন আটকে যাওয়ার ফলে ৮টা ২০ মিনিটে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও সাড়ে ৯টায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ছাড়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। রেলওয়ের প্রকৌশলীদের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/আরএ/১০৪১ ঘ.