২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য প্রত্যাহার

ঈদ বখশিশের নামে চাঁদাবাজির অভিযোগে পুলিশের জেলা বিশেষ শাখা (ডিএসবি) এক সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 06:05 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ বখশিশের নামে চাঁদাবাজির অভিযোগে পুলিশের জেলা বিশেষ শাখা (ডিএসবি) এক সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার বিকালে কনস্টেবল মো. গিয়াস উদ্দিনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (নবীনগর সার্কেল) বিএম নুরুজ্জামান সন্ধ্যায় বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় ডিএসবি সদস্যকে গিয়াস উদ্দিনকে বিকালে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বাজারের ব্যবসায়ীদের বলেন, ঈদের বখশিশের নাম করে নবীনগর থানায় কর্মরত গিয়াস উদ্দিন গত কয়েকদিন ধরে উপজেলা সদরের বিভিন্ন দোকানে গিয়ে টাকা আদায় করেছেন। কোনো ব্যবসায়ী টাকা না দিতে চাইলে তাদের তিনি হয়রানি করার হুমকি দিতেন বলে ব্যবসায়ীরা জানান। উপজেলা সদরের সালাম সড়কের সৈনিক হোটেলের মালিক মো. আজাদ মিয়া অভিযোগ করেন, দুপুরে গিয়াস উদ্দিন গিয়ে তার কাছে ঈদ বখশিশের কথা বলে চাঁদা দাবি করলে তিনি ৫০০ টাকা দেন। বাজারের ভাই ভাই হোটেলের মালিক খলিলুর রহমানও ঈদ বখশিশ বাবদ ১৫০ টাকা দেওয়ার কথা বলেন। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নবীনগর শাখার সভাপতি কলেজ শিক্ষক হাবিবুর রহমান বলেন, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ঈদ বখশিশের নামে চাঁদাবাজির অভিযোগ পাওয়ায় তিনি বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাদের জানান। এ ব্যাপারে গিয়াস উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি কারো কাছ থেকে ঈদ বখশিসের নামে চাঁদাবাজি করিনি। এসব মিথ্যা অভিযোগ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.