২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অদক্ষ চালকদের লাইসেন্স নিয়ে ব্যাখ্যা নৌমন্ত্রীর

অদক্ষদের লাইসেন্স দেওয়ার চাপ প্রয়োগের অভিযোগ নাকচ করে একটি ব্যাখ্যা দিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 05:32 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অদক্ষদের লাইসেন্স দেওয়ার চাপ প্রয়োগের অভিযোগ নাকচ করে নৌমন্ত্রী শাজাহান খান বললেন, লিখিত পরীক্ষা সহজ করে মৌখিক পরীক্ষা ও ফিল্ড টেস্টের মাধ্যমে উত্তীর্ণদের লাইসেন্স দেওয়ার সুপারিশ করা হয়েছে। সোমবার নৌ মন্ত্রণালয় থেকে পাঠানো এক ব্যাখ্যায় এ দাবি করেন মন্ত্রী। স¤প্রতি মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ পাঁচ জন। এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক দুর্ঘটনায় মারা যায় ৩৯ শিক্ষার্থী। এসব ঘটনাকে ঘিরে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও নৌমন্ত্রী শাজাহান খানের চাপে অদক্ষদের চালকের লাইসেন্স দেওয়া হয়েছে। এ অভিযোগের জবাবে বিজ্ঞপ্তিতে শাজাহান বলেন, 'বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন লাইসেন্স ছাড়া ১০ থেকে ১৫ বছর ধরে দক্ষতার সঙ্গে গাড়ি চালিয়ে আসা ব্যক্তিদের একটি তালিকা বাংলাদেশ সড়ক যোগাযোগ কর্তৃপক্ষের (বিআইরটিএ) কাছে পাঠিয়েছে। শুধু তাদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার শর্ত সহজ করে লাইসেন্স দিতে সুপারিশ করা হয়েছে।' বিজ্ঞপ্তিতে মন্ত্রী বলেন, সরকারের সঙ্গে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ২০০৩ সালের ২০ অগাস্ট এবং ২০০৪ সালের ১ জানুয়ারি এ সম্পর্কিত চুক্তি হয়। সে চুক্তি অনুযায়ী গত ১১ জুলাই ফেডারেশনের পক্ষ থেকে ওই সুপারিশ করা হয়। সংবাদপত্রের প্রতিবেদনে দুঃখ প্রকাশ করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এই সভাপতি দাবি করেন, তার বিরুদ্ধে প্রকাশিত সব সংবাদ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এর আগে সাংবাদিকদের সঙ্গে এ বিষয় নিয়ে টক শো'তে বসারও প্রস্তাব দেন তিনি। সরকারদলীয় সংসদ সদস্য তারানা হালিম গত ২০ অগাস্ট শাজাহান খানের ওই সুপারিশে অদক্ষ চালকদের লাইসেন্স দিলে আমরণ অনশনের ঘোষণা দেন। ইতোমধ্যে যে ১০ হাজার অদক্ষ চালককে লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো বাতিলেরও দাবি জানান তিনি। ওই সুপারিশ নিয়ে সংসদদে তোপের মুখেও পড়েন নৌমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এএল/পিডি/২২৪৯ ঘ.