ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতরের দিন দেশের চট্টগ্রামসহ পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও এক পশলা বৃষ্টি হতে পারে। ঢাকা-ময়মনসিংগসহ দেশের পূর্বাঞ্চলেও তা হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঋতুর হিসেবে বর্ষা মৌসুম শেষ হলেও এখনো দেশে মৌসুমী বায়ুর অবস্থান দুর্বলভাবে বিরাজ করছে। এর প্রভাবে দেশের অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে।
তবে এখন আর একটানা বৃষ্টির আশঙ্কা নেই।
শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার ঈদ হতে পারে।
আহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার দেশের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।
আগামী ক'দিনের আহাওয়ার পূর্বাভাস জানতে চাইলে আবহাওয়া গবেষণা কেন্দ্রের (এসএসআরসি) কর্মকর্তা জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান, বর্ষা মৌসুম এখন শেষ দিকে। বিদ্যমান আবহাওয়ায় একটানা বৃষ্টির আশঙ্কা নেই।
"রৌদ্রজ্জ্বল আবহাওয়াই বিরাজ করবে এবারের ঈদে। তবে ঈদের দিন হঠাৎ স্বল্প সময়ের জন্য বা এক পশলা বৃষ্টির সম্ভবনা রয়েছে।"
বর্তমানে দেশের উজানেও বৃষ্টি কম থাকায় নদ-নদী অববাহিকায়ও স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২৩১ ঘ.
bdnews24