ময়মনসিংহ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অটোরিকশা ও ম্যাক্সির সংঘর্ষে পুলিশের এক উপ-পরিদর্শকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আটজন।
সোমবার বিকালে লক্ষ্মীপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার কাকুরিয়া গ্রামের বাসিন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র শীল, ফুলবাড়ীয়ার বৈলাজান গ্রামের অটোরিকশা চালক জয়নাল আবেদীন (৩৫) ও কুশমাইল গ্রামের নূরজাহান বেগম (৪০)।
আহতদের মধ্যে নূরজাহান বেগমের কন্যা শারমিন (১২) এবং পুলিশের কনস্টেবল আব্দুল গণিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ীয়া থানার ওসি কাজী সাইদুর রহমান সাংবাদিকদের জানান, ময়মনসিংহে একটি মামলায় কাজ শেষে এসআই বিকাশ, কনস্টেবল আব্দুল গণি, নূরজাহান বেগম ও শারমিন একটি অটোরিকশা করে ফুলবাড়ীয়া আসছিলেন।
লক্ষ্মীপুরে বিপরীতমুখী একটি ম্যাক্সির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এসআই বিকাশ ও অটোরিকশা চালক জয়নাল এবং হাসপাতালে ভর্তির পর নুরজাহানের মৃত্যু হয়।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২২৭ ঘ.
bdnews24