২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করছে সরকার: রিজভী

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে স্বাক্ষর হতে পারে এমন আট থেকে ১০টি প্রটোকল, সমঝোতা স্মারক ও কার্যবিধি চূড়ান্ত করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে স্বাক্ষর হতে পারে এমন আট থেকে ১০টি প্রটোকল, সমঝোতা স্মারক ও কার্যবিধি চূড়ান্ত করছে সরকার। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আমরা আজকে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেননের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। "বিষয়গুলোতে বৃহত্তর আঙ্গিকে আমাদের মতৈক্য হয়েছে এবং শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে।" তবে শেষ মুহূর্তে কোনো বিষয়ের পরিবর্তন হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রোববার ঢাকা আসেন শিব শংকর। ওই সফরে যে সব চুক্তি সই হওয়ার কথা রয়েছে এবং অন্যান্য যে সব বিষয় নিয়ে আলোচনা হবে সেগুলো নিয়ে আলোচনা করাই তার প্রধান লক্ষ্য। প্রতিবেশি এ দুদেশের মধ্যে সম্পর্কোন্নয়নে গত বছর নয়া দিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিজভী বলেন, দুদেশের মধ্যকার দীর্ঘদিনের অনেক বিরোধ নিরসনে পাঁচজন মুখ্যমন্ত্রী নিয়ে এবারই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। "সীমান্তবিরোধ, তিস্তার পানি বণ্টন এবং বাংলাদেশের ভূ-খণ্ডের ওপর দিয়ে ভারতীয় পণ্য পরিবহনের বিষয়গুলো নিষ্পত্তি হবে বলে আমরা আশা করছি।" সীমান্ত ও পানি বণ্টন বিতর্ক গওহর রিজভী বলেন, মনমোহনের এ সফরেই সীমান্ত ও পানি বণ্টন বিরোধ নিষ্পত্তির ব্যাপারে সরকার খুবই আশাবাদী। "অপদখলীয় ভূমি, সীমানা রেখা চিহ্নিত না হওয়া ছয় দশমিক পাঁচ কিলোমিটার সীমান্ত এবং ছিটমহল বিনিময়ের বিষয়গুলোর নিষ্পত্তিতে আমরা কাজ করছি।" তিনি জানান, তিস্তার পানি বণ্টন ও ফেনী নদীর পানি প্রত্যাহার নিয়ে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হবে বলে আশা করা হচ্ছে। ট্রানজিট প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ট্রানজিট নিয়ে কোনো চুক্তি নয়, বরং এ নিয়ে কয়েকটি প্রটোকলে স্বাক্ষরের প্রচেষ্টা থাকবে। শনিবার এক ইফতারে তিনি বলেন, ট্রানজিট নিয়ে কোনো নতুন চুক্তির প্রয়োজন নেই। "আমাদের কার্যবিধি ও রুটের বিস্তারিত নিয়ে কাজ করতে হবে।" দক্ষিণ এশিয়ার পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ রিজভী বলেন, ১৯৪৭ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তান, ভারত ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ট্রানজিট চুক্তি ছিলো। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তা ভেঙে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২১৩৩ ঘ.