চট্টগ্রাম, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গরু চুরির অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- আবু সিদ্দিক (৩৫) ও বাদশা (৪০)। দুইজনই পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের থানা মহিরা গ্রামের বাসিন্দা।
সোমবার ভোর ৪টার দিকে ওই ইউনিয়নের বদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সা¤প্রতিক সময়ে দেশে গণপিটুনিতে হত্যার ঘটনা বেড়েছে। গত দুই মাসে রাজধানী ও নোয়াখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ১১ জন নিহত হয়। এদের মধ্যে রাজধানীতে নিহতরা সবাই ছিলেন কলেজছাত্র।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ভোর ৪টার দিকে বদুপাড়া গ্রামের দুলাল চক্রবর্তীর গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে পালানোর চেষ্টা করে চোরেরা।
"পালানোর সময় এলাকাবাসী টের পেলে লোকজন জড়ো হয়ে গরুসহ দুইজনকে আটক করে। এসময় উত্তেজিত জনতার পিটুনিতে ঘটনাস্থলেই সিদ্দিক ও বাদশা মারা যায়।"
ওসি জানান, নিহত দুইজনের বিরুদ্ধে থানায় কয়েকটি চুরির মামলা রয়েছে। তারা কয়েকদিন আগেও হাজতে ছিল।
এ ঘটনায় গরুর মালিক দুলাল চক্রবর্তী পটিয়া থানায় একটি মামলা করেছেন বলে জানান ওসি।
এছাড়া থানার একজন উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/২১০৪ ঘ.
bdnews24