গাইবান্ধা, ২৯ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অপসারণ দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
এই দাবিতে সোমবার দুপুরে আওয়ামী লীগ উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের উপজেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মহিলা সম্পাদিকা সৈয়দ খুরশীদ জাহান, উপজেলা নেতা আহসানুল করিম, ওয়ার্কার্স পার্টির সাদেকুল ইসলাম প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ টাকা উপজেলা চেয়ারম্যান, ইউএনও, পিআইও ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আত্মসাত করেছেন।
তারা এই দুর্নীতিতে সরাসরি জড়িত থাকার অভিযোগে ইউএনও ও পিআইও'র অপসারণ দাবি করেন।
অবরোধ ও সমাবেশ শেষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়।
সুন্দরগঞ্জ থানার ওসি হাসান ইনাম জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি সমাপ্ত হয়েছে।
ইউএনও শামছুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের চাহিদা অনুযায়ী প্রকল্পে সুবিধা না দেওয়ায় এই কর্মসূচি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫৮ ঘ.
bdnews24