ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে কিছু বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
ঈদের দিন থেকে শুরু করে রাজধানীর শাহবাগের শিশুপার্ক, মিরপুরের চিড়িয়াখানা, গুলশানের ওয়ান্ডারল্যান্ড, শ্যামলীর শিশুমেলা, আশুলিয়ার নন্দন পার্ক ও নন্দন ওয়াটার ওয়ার্ল্ড এবং ফ্যান্টাসি কিংডম ভরে উঠবে শিশু-কিশোরদের পদচারণায়।
নন্দন পার্কের সহকারি ম্যানেজার (মার্কেটিং) রুবায়েত আলম হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদে নন্দনের ফ্যামিলি অফারে ৪৫০ টাকা মূল্যের চারটি প্যাকেজ একসঙ্গে কিনলে একটি প্যাকেজ ফি দেওয়া হবে। এছাড়া জেমস, মিলা, ইমন, শখসহ বিভিন্ন শিল্পী ও মডেলদের নিয়ে আয়োজন করা হবে ঈদের বিশেষ কনসার্ট।
এছাড়া নন্দন ওয়াটার ওয়ার্ল্ডে ডিজে হিমুর সঙ্গে ঈদের দিন থেকে পরবর্তী চারদিন দর্শনার্থীরা ড্যান্স করতে পারবেন বলে জানান হাফিজ।
ফ্যান্টাসি কিংডমের মিডিয়া ম্যানেজার মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের সময় দর্শনার্থীদের জন্য গেম শো, ড্যান্স শো ও র্যাফেল ড্র আয়োজন করা হবে।
এদিকে ঈদের দিন থেকে ঢাকা চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য যোগ হচ্ছে ৯৭টি কম বয়সী প্রাণী।
ঢাকা চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর এবিএম শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনেকেই পূর্ণ বয়স্ক প্রাণীর পাশাপাশি কম বয়সী প্রাণী দেখতে চান। এ বিষয়টি মাথায় রেখে ঈদের দিন থেকে দর্শনার্থীরা ৯৭টি কম বয়সী প্রাণী দেখার সুযোগ রাখা হচ্ছে।
এছাড়া দর্শনার্থীদের সুবিধার জন্য চিড়িয়াখানার সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সাতটি দলে ভাগ হয়ে নিরাপত্তাকর্মীরা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।
ঈদ উপলক্ষে শিশু পার্ক বিশেষ কোনো আয়োজন না থাকলেও সবগুলো রাইড যেন ঠিকঠাক চলে তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন শিশু পার্কের সহকারি প্রকৌশলী সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী চারদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিশুপার্ক সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০৪১ ঘ.
bdnews24