২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে হাসপাতালগুলোতে জরুরি ব্যবস্থা

ঈদের ছুটিতে সরকারি হাসপাতালগুলোর বহির্বিভাগ বন্ধ থাকলেও খোলা থাকছে অন্যান্য সব বিভাগ। তবে বিশেষায়িত হাসপাতালের সব বিভাগই থাকবে খোলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটিতে সরকারি হাসপাতালগুলোর বহির্বিভাগ বন্ধ থাকলেও খোলা থাকছে অন্যান্য সব বিভাগ। তবে বিশেষায়িত হাসপাতালের সব বিভাগই থাকবে খোলা। রোববার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ শেফায়েতউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুধু বহির্বিভাগ ছাড়া হাসপাতালগুলোর বাকি সব বিভাগ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার শুরু হতে যাওয়া তিন দিনের সরকারি ছুটির শুধু প্রথম দুই দিন বহির্বিভাগগুলো বন্ধ থাকবে বলে জানান তিনি। বিভিন্ন হাসপাতালে ঘুরে দেখা গেছে, ঈদের ছুটির কথা মাথায় রেখে অনেক রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। যারা যেতে পারছেন না, তারাও উদ্বিগ্ন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি বিভাগের একজন রোগী তার উদ্বেগ প্রকাশ করে বলেন, "আমি হয়তো (ওইসময়) প্রয়োজনীয় সেবা পাবো না।" দু'বছর আগে নিজের এক আত্মীয় ঈদের সময় হাসপাতালে থাকায় সেই ভোগান্তির কথা জানিয়ে তিনি বলেন, "এসব সময় ডিউটি নার্স আর ওয়ার্ড বয়রা রোগীদের কোনো কথাই শুনতে চায় না। চিকিৎসকরাও দায়িত্বে ফাঁকি দেন।" তবে ঢামেক হাসপাতালের পরিচালক শহিদুল হক মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের ছুটির সময়ের জন্য হাসপাতালের প্রতিটি বিভাগ তাদের নিজস্ব দায়িত্ব বণ্টন তালিকা তৈরি করে নিয়েছে।" ভোগান্তির কোনো আশঙ্কা নেই- দাবি করে তিনি বলেন, অমুসলিম চিকিৎসক ও কর্মী ছাড়াও রাজধানীতে অবস্থান করা চিকিৎসক, এমনকি অধ্যাপকরা হাসপাতালে থাকা রোগীদের দেখাশোনা করতে আসবেন। বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের তালিকায় অমুসলিম চিকিৎসকদেরই বেশি রাখা হয়েছে।" স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট ও পঙ্গু হাসপাতালের মতো বিশেষায়িত সরকারি হাসপাতালগুলো তাদের সব বিভাগই ২৪ ঘণ্টা খোলা রাখবে। ঈদের দিন এসব হাসপাতালের রোগীদের দেওয়া হবে বিশেষ খাবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/কিউএইচ/১৯৫৬ ঘ.