২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এ বছর চাপ নেই সায়েদাবাদে'

লম্বা ছুটি এবং বেহাল সড়কের কারণে বিকল্প পথে এ বছর অনেকেই আগেভাগে ছেড়েছেন ঢাকা। আর তাই রাজধানীর অন্যতম বাস টার্মিনাল সায়েদাবাদে এবার যাত্রীদের তেমন চাপ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 01:30 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্যান্য ঈদের সময়ের তুলনায় চাপ কম থাকায় এ বছর সায়েদাবাদ বাস টার্মিনালে রয়েছে স্বাভাবিক ভিড়। তাই প্রত্যাশা না করলেও টার্মিনালে এসে ঠিকই মিলছে বাসের টিকিট। টিকিট বিক্রেতারা বলছেন, এ বছর ঈদের ছুটি অনেক আগে শুরু হওয়ায় বেশ কিছু দিন ধরেই যাত্রীরা ঢাকা থেকে বাড়ি যেতে শুরু করেছেন। এ কারণেই শেষ মুহূর্তে এবার তেমন চাপ পড়েনি। এ ছাড়াও সড়ক পথের বেহাল অবস্থা এবং গত কয়েক মাস ধরে সড়ক দুর্ঘটনার সংখ্যা অনেক বেড়ে যাওয়া এবং এ বিষয়গুলো মিডিয়াতে বহুল প্রচারিত হওয়ায় এ বছর অনেক যাত্রী সড়ক পথে না গিয়ে বিকল্প পথে বাড়ি ফিরছেন। সায়েদাবাদে টুঙ্গীপাড়া এক্সপ্রেস কাউন্টারের টিকিট বিক্রেতা মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ বাস চলাচল স্বাভাবিক। তবে বিকালের পর এবং আগামীকাল যাত্রীদের চাপ একটু বাড়তে পারে।" এ বছর শুক্রবার থেকে ছুটি শুরু হয়ে যাওয়ায় বৃহস্পতিবার বিকাল থেকে শুরু করে শুক্রবার সারাদিনে অনেক মানুষ ঢাকা ছেড়েছে। শনিবারও যাত্রীদের চাপ ছিলো। দোলা পরিবহন কাউন্টারের টিকিট বিক্রেতা জিনারুল ইসলাম বলেন, অন্যান্য বছর এ সময় অতিরিক্ত বাস দিয়েও যাত্রীদের চাপ সামলানো যায়নি। কিন্তু এবছর তেমন কোনো চাপ নেই। কোনো কোনো পরিবহনের গাড়িতে দুই একটি আসন ফাঁকাও যাচ্ছে। "এ বছর রাস্তার অবস্থা খুব খারাপ। তাছাড়া গত কয়েক মাসে দুর্ঘটনার সংখ্যা অনেক বেড়ে গেছে। এ বিষয়টি মিডিয়াতেও অনেক বেশি প্রচার করা হয়েছে। এ কারণে অনেকে বাসের পরিবর্তে ট্রেনে বা লঞ্চে করে বাড়ি ফিরছেন", যোগ করেন তিনি। তবে সোমবার বিকাল থেকে মঙ্গলবার সারাদিনই বাসে যাত্রীদের চাপ অনেক বাড়বে বলে মনে করছেন জিনারুল। শ্যমলী পরিবহনের টিকিট বিক্রেতা সুমন জানান, গত বৃহস্পতি, শুক্র ও শনিবার অনেক যাত্রী ছিলো। তারপর অবস্থা মোটমুটি স্বাভাবিক হয়ে গেছে। সায়েদাবাদ বাস টার্মিনালে বাসের অপেক্ষায় থাকা ফেনীর যাত্রী ইমরান বলেন, রোজার শেষের দিকে অনেক ভিড় থকবে ভেবে ১৮ তারিখে টিকিট বুকিং দিয়েছিলাম। কিন্তু আজ বাস টার্মিনালে এসে দেখলাম অবস্থা মোটামুটি স্বাভাবিক। যাত্রীদের তেমন হুরোহুড়ি নেই। একটি বেসকারি প্রতিষ্ঠানে কমকর্তা শরিফুল ইসলাম বলেন, আমার বাড়ি বাঘের হাট। আমি আগে েেথেক টিকিট বুকিং দিতে পারিনি। ভেবেছিলাম সায়েদাবাদ এসে কোন একটি লোকাল বাসে করে মাওয়া যাবো। তারপর স্পিড বোটে নদী পার হয়ে ওই পার থেকে অন্য কোন খুলনার বাসে বা মাইক্রোবাসে করে বাঘেরহাট চলে যাবো। কিন্তু আমি এখানে এসে খুলনার টিকিট পেয়ে গেছি। অন্য কোনো বছর এ সময় টিকিট পাওয়া যায় না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএল/১৯২৯ ঘ.