২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌঁছে দিতে পারলেই সফল: যোগাযোগমন্ত্রী

কমলাপুর স্টেশনে গিয়ে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ার আশ্বাস দিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, যাত্রীদের পৌঁছে দিতে পারলেই নিজেকে সফল মনে করবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 07:05 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলাপুর স্টেশনে গিয়ে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ার আশ্বাস দিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, যাত্রীদের পৌঁছে দিতে পারলেই নিজেকে সফল মনে করবেন তিনি। ট্রেনের সময় নিয়ে ঈদে ঘরমুখো মানুষ গত কয়েকদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছিলো। এর মধ্যেই সোমবার সকালে কমলাপুর রেল স্টেশনে যান মন্ত্রী। তিনি সাংবাদিকদের বলেন, সোমবার থেকে প্রায় সব ট্রেনই সময় মতো ছাড়ছে। তবে তার এ কথা বলার পরও দুটি ট্রেনকে দেরিতে প্ল্যাাটফর্ম ছাড়তে দেখা যায়। যোগাযোগ ব্যবস্থা নিয়ে সমালোচনার মধ্যে থাকা আবুল হোসেন বলেন, "যাত্রীদের সুবিধার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। তাদের পৌঁছে দিতে পারলেই আমি সফল। ঈদে পরিবহন ব্যবস্থা নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনের ওপর নিজের আস্থাহীনতার কথাও প্রকাশ পেয়েছে তার কথায়। "স্টেশনে যাত্রীারা আমাকে যা বলছে, আর গণমাধ্যমে যা প্রচারিত হচ্ছে- তার সত্যতা যাচাই করতেই আমি বারবার কমলাপুর স্টেশন পরিদর্শনে আসছি", বলেন মন্ত্রী। তিনি জানান, রোববার বিভিন্ন গন্তব্য ছেড়ে যাওয়া ৫৬টি ট্রেনের মধ্যে ৪২টি যথাসময়ে ছেড়েছে। আধা ঘণ্টা দেরিতে ছেড়েছে আটটি ট্রেন, এক ঘণ্টার বেশি দেরি করেছে ছয়টি ট্রেন। সোমবার সকালে ১০টা নাগাদ কমলাপুর স্টেশন থেকে ১০টি ট্রেন ছেড়ে যায়। এর মধ্যে আটটি নির্ধারিত সময়ে ছেড়েছে। মন্ত্রী বলেন, নানা সীমাবদ্ধতা থাকলেও রেল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে ট্রেন চলাচল নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্টেশন পরিদর্শনের সময় মহিলা ও প্রতিবন্ধীদের কাউন্টারে টিকিট সংগ্রহকারীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধা জেনে তা সমাধানে রেল-কর্তৃপক্ষকে নির্দেশ দেন আবুল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৩০০ ঘ.