ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে সলিমুল্লাহ রোড়ের বিক্ষুব্ধ বাসিন্দারা রাস্তার নিম্নমানের সংস্কার কাজ বন্ধ করে দিয়েছে।
রোববার সন্ধ্যার পর শ্রমিকরা সংস্কারের কাজ শুরু করে। এলাকাবাসীর বাধায় শ্রমিকরা কাজ বন্ধ করে চলে যায়।
এলাকার বেলায়েত বাবু নামের এক সমাজকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা তারাবিহ'র নামাজ শেষে বের হয়ে দেখেন শ্রমিকরা রাস্তা সংস্কারের নামে অত্যন্ত নিম্নমানের কাজ করছে।
রাস্তার ওপর জমে থাকা কাদা-পানি পরিষ্কার না করেই তার উপর পিচ ঢালছিল তারা। এ অবস্থা দেখে স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়।
তিনি আরো বলেন, এ সময় লোকজন রাস্তায় বিক্ষোভ এবং ঠিকাদারকে খোঁজাখুঁজি করে। এ সময় সেখানে থাকা ঠিকাদারের দুই প্রতিনিধি পালিয়ে যায়।
কোরবান আলি নামে অপর এক বাসিন্দা জানান, সলিমুল্লা রোড়টি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গত বছর নামমাত্র সংস্কার করা হলেও কিছুদিনের মধ্যে তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর টিকম/এলএইচ/ডিডি/০০১০ ঘ.
bdnews24