চাঁদপুর, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
নিহত মহসিন (২৫) চাঁদপুরের কচুয়া উপজেলার সাহারপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।
রোববার রাতে রহিমানগর বাজারে এই ঘটনার পর এলাকাবাসী দুইঘণ্টা উপজেলার কালিয়াপাড়া-রহিমানগর সড়ক অবরোধ করেছে।
পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শাহরাস্তি থানার ওসি জামাল চৌধুরী রাত সোয়া ১১টায় বলেন, উপর্যুপরি ছুরিকাঘাতে মহসিনের মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
কচুয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে রহিমানগর বাজারে ঈদের বাজার করে তিন তরুণী বাড়ি যাওয়ার সময় কামাল নামে এক অটোরিকশা চালক তাদের প্রতি অশালীন উক্তি করে।
ওই সময় তরুণীদের একজনের ভাই মহসিন প্রতিবাদ করলে কামাল তাকে মারধর ও ছুরিকাঘাত করে।
গুরুতর আহত মহসিনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ ধারালো ছুরিটি উদ্ধার করেছে। অটোরিকশা চালক কামাল পলাতক রয়েছে বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, রাত ৯টায় মহসিনের মৃত্যুর খবর পেয়ে এলাকার লোকজন কালিয়াপাড়া-রহিমানগর সড়ক অবরোধ করে। রাত সোয়া ১১টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২৩৫০ ঘ.
bdnews24