মো. মহিউদ্দিন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র কয়েক ঘণ্টা, ঈদের আগে তাতেই চট্টগ্রাম রেল স্টেশন কাউন্টারে ঢাকাগামী ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়ে যায়। অবশ্য কাউন্টারে টিকিট না থাকলেও ঠিকই তা স্টেশনের বাইরে কালোবাজারে বেশি দামে পাওয়া যাচ্ছিলো।
শুধু ঈদ বা বিশেষ দিনে নয়, বছরের প্রায় প্রতিটি সময়ই ঢাকা-চট্টগ্রাম আন্তঃনগর সব ট্রেনের টিকিট এভাবে কাউন্টারের পরিবর্তে কালোবাজারে দালালদের কাছ থেকে চড়া দামে যাত্রীদের কিনতে হচ্ছে।
চট্টগ্রাম-ঢাকা রুটে আন্তঃনগর যে কোনো ট্রেনের শোভন চেয়ার টিকিটের দাম দেড়শ টাকা, এসি চেয়ার ৩৪৫ টাকা। অথচ যাত্রীরা তা বাইরে দালালদের কাছ থেকে কিনছেন যথাক্রমে আড়াইশ থেকে তিনশ এবং পাঁচশ থেকে ছয়শ টাকায়।
সড়ক পথে দুর্ভোগের কারণে গত কয়েক বছর ধরে ট্রেন যাত্রায় আগ্রহী হয়ে উঠেছে মানুষ। আর বাধ্য হয়েই বেশি দামে দালালদের কাছ থেকে কিনছে ট্রেনের টিকিট।
অভিযোগ রয়েছে, চট্টগ্রাম রেল স্টেশনের কিছুু কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তাকর্মী, স্টেশন সংলগ্ন বিভিন্ন হোটেল ও দোকানের কর্মচারী এবং মোবাইল টিকিটের কাউন্টার কর্মচারীরা এ টিকিট কালোবাজারিতে জড়িত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর অনুসন্ধানেও এ অভিযোগের সত্যতা মিলেছে।
'কাউন্টারকর্মীদের আগেই টাকা দেওয়া থাকে'
টিকিট কালোবাজারি এবং এর সঙ্গে স্টেশনের কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের জড়িত থাকার অভিযোগ মানতে নারাজ বাংলাদেশ রেলওয়ে, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা। তবে চট্টগ্রাম রেল স্টেশন ব্যবস্থাপক শামসুল আলম বিষয়টি আংশিক সত্য বলে স্বীকার করছেন।
ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনে নিয়মিত যাতায়াতকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, যাত্রার আট-নয় দিন আগে গেলেও স্টেশন কাউন্টার থেকে টিকিট পাওয়া যায় না। কিন্তু চোরাকারবারিদের কাছে একদিন আগে এমনকি যাত্রার দিনও টিকিট পাওয়া যায়। অতিরিক্ত টাকা দিলেই মেলে টিকিট।
চট্টগ্রাম থেকে ঢাকায় প্রতি সপ্তাহে যাতায়াতকারী বেসরকারি চাকরিজীবী শ্যামল দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাঝেমধ্যে কাউন্টার থেকে টিকিট পেলেও অধিকাংশ সময়ই দালালদের কাছ থেকে টিকিট কিনতে হয়।
"প্রায় সময়ই ৩৪৫ টাকার এসি চেয়ার টিকিট সাড়ে পাঁচশ টাকায় দালালদের কাছ থেকে কিনে ঢাকায় গেছি", বলেন তিনি। রেলওয়ের কয়েকজন নিরাপত্তাকর্মীর কাছ থেকে নিয়মিত কালোবাজারে টিকিট কেনার কথা জানান তিনি।
কালোবাজারে টিকিট বিক্রেতারা রেল স্টেশনের আশেপাশেই থাকে বলে জানান ওই যাত্রী।
ট্রেনের নিয়মিত যাত্রী আইনজীবী নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেআইনি টিকিট বিক্রেতাদের কাছ থেকে দেড়শ টাকার শোভন চেয়ার টিকিট আড়াইশ টাকায় কিনি।"
সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবারে এসব টিকিটের দাম ৫০ টাকা করে বেড়ে যায় বলেও জানান তিনি। এছাড়া সুবর্ণ এক্সপ্রেসের টিকিটের দাম কালোবাজারে আরো চড়া থাকে।
অনুসন্ধানে দেখা যায়, চট্টগ্রাম রেল স্টেশনের কাউন্টারে কর্মরত কর্মচারীরা এক জন যাত্রীর টিকিট বিক্রির সময় কম্পিউটার প্রিন্টার থেকে অতিরিক্ত আরো চার থেকে পাঁচটি টিকিট কেটে রাখেন। সেই সব টিকিটই যায় কালোবাজারে।
নাম প্রকাশে অনিচ্ছুক অবৈধ এক টিকিট বিক্রেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউন্টারকর্মীরা তাদের দাপ্তরিক কাজ শেষ করে দালালদের কাছে টিকিট হস্তান্তর করেন। তাদের টাকা দেওয়া থাকে আগেই।
পরবর্তীতে এ টিকিট স্থানীয় পানের দোকানদার, হোটেলের বয়, রিয়াজুদ্দিন বাজারের কাপড় ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার লোকজনের কাছে গিয়ে দাম আরো বেড়ে যায়।
চট্টগ্রাম রেল স্টেশনে নিরাপত্তা বাহিনীর নায়েক মোহাম্মদ শোয়েব কালোবাজারে টিকিট নিয়ন্ত্রক বলে বেশ কয়েকজন বিক্রেতা জানিয়েছেন। কাউন্টার থেকে টিকিট কালোবাজারে যাওয়ার ক্ষেত্রে মধ্যস্থতা করেন তিনি।
সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম রেল স্টেশনের ভেতর-বাইরে হোটল-রেস্তোরাঁ, বাইরের ছাউনি, স্টেশনের বিপরীতে এবি ব্যাংকর সামনে, স্টেশন রোডের গণি হোটেলের সামনে, হোটেল ম্যানিলার সিঁড়ির পাশ, বটতলী রেল স্টেশনের সামনে এবং বেশ কয়েকটি দোকানে অবৈধভাবে টিকিট কেনা-বেচা হয়।
একটি দোকান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকও সাড়ে পাঁচশ টাকায় ঢাকাগামী তুর্ণা নিশীথার ৩৪৫ টাকা মূল্যের এসি চেয়ারের একটি টিকিট কিনেছেন।
যেভাবে যাত্রীদের হাতে যায় টিকিট
ব্যাংক কর্মকর্তা ইখতিয়ার হোসেন ঢাকা যাওয়ার জন্য স্টেশন কাউন্টারে টিকিট না পেয়ে তার এক বন্ধুর কাছ থেকে নেওয়া একটি মোবাইল নম্বরে ফোন করে তুর্ণা নিশীথার টিকিট চান।
ফোনে দেওয়া ঠিকানা অনুসারে রেল স্টেশনের বিপরীতে এবি ব্যাংকের সামনে হোটেল ম্যানিলার প্রবেশ পথে গিয়ে চারটি এসি চেয়ার টিকিট চাইলে দুটি এসি এবং একটি শোভন চেয়ার টিকেট দিয়ে সাড়ে ১২শ টাকা দাবি করেন দালাল।
টিকিট তিনটির প্রকৃত মূল্য ৮৪০ টাকা। ইখতিয়ার এক হাজার টাকা দিতে চাইলে ওই দালাল সাফ জানিয়ে দেয়, সাড়ে ১২শ'র কম হবে না। ক্রয়মূল্য বেশি হওয়ায় দাম বেশি বলে জানান তিনি।
ইখতিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দালালের নাম লুৎফর। এই ব্যক্তি রেলের নিরাপত্তাকর্মীর কাছ থেকে টিকিট নেন।
এই লুৎফরই এবি ব্যাংকের সামনে, গনি হোটেলের সামনে কখনো স্টেশনের সামনে টিকিট বিক্রি করেন। এরকম কমপক্ষে একশ 'লুৎফর' আছেন যারা ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত, যাদের ক্রেতারা দালাল বলেন।
মোবাইলে টিকিটও কালোবাজারে
গ্রামীণফোন মোবাইল থেকে মোবিক্যাশ এবং বাংলালিংক মানি ওয়ালেট এর মাধ্যমে সংগ্রহের টিকিটও চলে গেছে কালোবাজারে।
অনুসন্ধানে দেখা যায়, কালোবাজারিরা নিজেদের মোবাইল এবং স্টেশনের ভেতরের একটি মোবাইল প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির মাধ্যমে প্রতিদিন বরাদ্দ করা অধিকাংশ টিকিট বুকিং দিয়ে রাখেন।
এছাড়া কাউন্টারের কর্মচারীরাও এসব টিকিট মোবাইলে এসএমএস এর মাধ্যমে বুকিং দিয়ে পরে কেটে নিয়ে দালালদের কাছে বেচে দেন। এসব কারণে নির্দিষ্ট তারিখের টিকিট দেওয়া শুরু হওয়ার সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। তাই সাধারণ গ্রাহকরা চেষ্টা করেও মোবাইলে টিকিট পান না।
সরকারি কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব কয়েকদিন আগে মোবাইলে টিকিট কাটতে এসেও পাননি। পরে তিনি ১০০ টাকা বেশিতে ওই মোবাইলের দোকান থেকে টিকিট কিনে নিয়ে যান।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবাইলে টিকিট কাটতে চেয়ে না পেলে স্টেশনের মোবাইলের দোকানে এলে ঠিকই পাওয়া যায়, তবে দাম একটু বেশিই দিতে হয়। তবে বৃহস্পতি, শুক্র ও শনিবারের জন্য একটু আগে তাদের সঙ্গে যোগাযোগ করতে হয়।
মহাব্যস্থাপকের বক্তব্য
ট্রেনের টিকিট অবৈধভাবে বিক্রিতে কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের জড়িত থাকার বিষয়টি সরাসরি অস্বীকার করে রেলওয়ে, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের লোকজন এসব করে না। নিরাপত্তাকর্মীরা এর সঙ্গে জড়িত, তা কখনো কেউ প্রমাণ করতে পারেনি।"
তবে মোবাইলে টিকিট বিক্রির ক্ষেত্রে কিছুটা হয়ে থাকে বলে স্বীকার করেন তিনি।
ইউসুফ আলী বলেন, "মোবাইলে যে কেউ টিকিট কাটতে পারে। তাই যে কেউ তা কেটে অন্যত্র বিক্রি করতে পারে।"
মহাব্যবস্থাপক অস্বীকার করলেও চট্টগ্রাম রেল স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা গেছে নিরাপত্তাকর্মীরা কর্তব্যরত অবস্থায়ই তাদের পোশাক পরে বেশি দামে টিকিট বিক্রি করছেন। তবে সাংবাদিক পরিচয় পেয়ে কথা বলতে রাজি হননি তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এমআই/পিডি/২২২১ ঘ.
bdnews24