বগুড়া, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার পাঁচদিন পর সেপটিক ট্যাংকে পাওয়া গেল বগুড়ার শিশু রোমানের লাশ। এ ঘটনায় আটক দুই ব্যক্তিকে পুলিশ নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। দুই সাংবাদিকও মারধরের শিকার হন।
সংঘর্ষের ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। এর আগে রোমান হারানোর ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
গত মঙ্গলবার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে রোমান (৫) নিখোঁজ হয়। রোববার তার লাশ পাওয়া যায়।
ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের হাজেরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টায় রোমানের আত্মীয়রা গ্রামের আব্দুল মাজেদ নামের এক ব্যক্তির মোবাইল ফোন সেটে রোমানের ছবি দেখতে পেলে তাকে অপহরণকারী সন্দেহে পিটুনি দেয়।
তখন মাজেদ জানায়, খালেকের নির্দেশে সে রোমানকে তার কাছে পৌঁছে দেয়। এ সময় সে রোমানের মৃত্যুর কথাটিও স্বীকার করে।
পরে খালেককে ধরে পিটুনি দিলে সে জানায়, গ্রামের খলিলুর রহমান নামে এক ব্যক্তির পরিত্যক্ত সেফটিক ট্যাংকে রোমানের লাশ রয়েছে।
হাজেরা বেগম আরো জানান, বিষয়টি পুলিশকে জানালে থানার ওসি মোহাম্মদ রিয়াজ উদ্দিনসহ পাঁচ পুলিশ সদস্য ঘটনাস্থলে যান এবং খালেক ও মাজেদকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম সাংবাদিকদের বলেন, খালেক ও মাজেদকে থানায় নিয়ে আসার সময় উত্তেজিত জনতা পুলিশের পিকআপ আটকে রাখে। বিষয়টি পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) হুমায়ুন কবীরকে জানালে তিনি শ' খানেক পুলিশ নিয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হন।
এসআই শামসুল বলেন, "এ সময় জনতা আটকে রাখা পুলিশ সদস্যদের ব্যাপক মারধর এবং পুলিশের পিকআপ ভাংচুর করে।"
গ্রামের লোকজন এ সময় স্থানীয় সাংবাদিক আবুল কালাম ও শাহজাহানকেও পিটুনি দিয়ে তাদের ক্যামেরা পুকুরে ফেলে দেয় বলে জানান তিনি।
পরে এসপি'র নেতৃত্বে আসা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় ১২টি শটগানের গুলি ও ১১টি টিয়ার শেল নিক্ষেপ করা হয় বলে এসআই শামসুল জানান।
তিনি বলেন, "ওসি রিয়াজ উদ্দিনকে স্থানীয় একটি ক্লিনিকে এবং আহত পাঁচ পুলিশ সদস্যকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
স্থানীয় লোকজনের পিটুনিতে আহত সন্দেহভাজন অপহরণকারী আব্দুল খালেককেও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাজাহানপুর থানার ওসি রিয়াজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার চেয়ারম্যান মোজাফ্ফর সঙ্গে থেকে দুই সন্দেহভাজনকে গাড়িতে তুলে দেওয়ার পরও হামলার বিষয়টা দুঃখজনক।
থানার সেকেন্ড উপ-পরিদর্শক আবু ওবায়েদ জানান, পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাংচুরের ঘটনায় উপ-পরিদর্শক সানোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৫/৬'শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে রোমান হারানোর ঘটনায় বুধবার (২৪ অগাস্ট) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রোমানের দাদা হযরত আলী।
রোমানের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০০ ঘ.
bdnews24