২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা হাসপাতাল: বেতন-ভাতা নেই ৮ বছর

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ৬১ জন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

মাগুরা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ৬১ জন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। এরমধ্যে ৩৬ জনের ২১ মাস এবং ২৫ জনের আট বছরের বেতন-ভাতা বকেয়া রয়েছে। হাসপাতালের রেকর্ড কিপার গৌতম বিশ্বাস রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৯৮ সালের ২৫মে মাগুরা সদর হাসপাতাল ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হয়। এ সময় একটি প্রকল্পের মাধ্যমে সৃষ্ট ১০৩টি পদের মধ্যে চিকিৎসক ও নার্সসহ ৭৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। প্রকল্প শেষে প্রয়োজনীয় জনবল রাজস্ব খাতে স্থানান্তর করে বেতন-ভাতা দেওয়ার কথা থাকলেও তা কার্যকর হয়নি। এছাড়া কর্মরত ৬১ জনের বেতন ভাতা বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। এ প্রকল্পের কর্মচারী তরিকুল ইসলাম জানান, বেতন-ভাতার দাবিতে কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘ আন্দোলন, সংগ্রাম করেও কোনো ফল না পেয়ে আদালতের যান। হাইকোর্ট এসব কর্মকর্তা-কর্মচারীর চাকরি স্থায়ীকরণসহ নিয়মিত বেতন-ভাতা দিতে অর্থ বরাদ্দের নির্দেশ দেয় অর্থ মন্ত্রণালয়কে। এই আদেশের কপি স্বাস্থ্য ও সংস্থাপন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দিতে বলা হয়। এদিকে সংস্থাপন মন্ত্রণালয় ৬১ জনের মধ্যে ৩৬ জনের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে সুপারিশ করে। তরিকুল ইসলাম আরো জানান, দীর্ঘদিন যাবত বেতন-ভাতা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। তিনি বলেন, দীর্ঘদিন বেতন না পেয়ে চিকিৎসক ও সমাজসেবা অফিসারসহ ১২ জন চাকরি ছেড়ে চলে গেছেন। ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলেও তিনি জানান। এ ব্যাপারে মাগুরার সিভিল সার্জন ডা. শফিকুল আলম বলেন, প্রকল্পভুক্ত হওয়ায় কর্মরত ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীর বেতন-ভাতা প্রাপ্তিতে কিছু জটিলতা রয়েছে। আমরা তাদের নিয়মিত বেতন-ভাতা প্রাপ্তির জন্য চেষ্টা চালাচ্ছি। অর্থ বরাদ্দ পেলে তাদের বেতন ভাতা প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৫ ঘ.