২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরি সঙ্কট, তাই ট্রলারে মেঘনা পাড়ি

ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি সঙ্কট থাকায় জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ মাছ ধরার ট্রলারে মেঘনা নদী পাড়ি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ভোলা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি সঙ্কট থাকায় জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ মাছ ধরার ট্রলারে মেঘনা নদী পাড়ি দিয়েছেন। এসব ট্রলারের ধারণ ক্ষমতা বড়জোর ৩০ জনের। কিন্তু রোববার সকালে ভোলার ইলিশা ঘাটে গিয়ে দেখা যায়, এক একটি ট্রলারে ৮০ থেকে ১০০ জন করে যাত্রী পার হচ্ছে। এছাড়া বেশি পয়সা তো দিতে হচ্ছেই। ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট পর্যন্ত নৌপথের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। ভোলা-লক্ষ্মীপুর নৌপথের দায়িত্ব থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ব্যবস্থাপক নুরুল ইসলাম ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পথে চলাচলকারী ফেরি কস্তুরি, কামিনী ও কিষাণী গত কয়েকদিন থেকে বিকল ছিল। "রোববার বিকালে চালু হয় কামিনী ও কিষাণী। কস্তুরি এখনো বন্ধ রয়েছে।" ফেরি চালু হওয়ার আগে সকালে কয়েক হাজার যাত্রী ট্রলারে করে এ রুটে পারাপার করে। ট্রলারে যাত্রী পারাপার নিয়ন্ত্রণ করছে একটি সিন্ডিকেট। তারা জনপ্রতি ভাড়া চার থেকে পাঁচগুণ বাড়িয়ে নিচ্ছে। এছাড়াও রয়েছে ইজারাদারদের ঘাট ভাড়া। লক্ষ্মীপুর মজু চৌধুরীর ঘাট থেকে জেলে ট্রলারে ভোলার ইলিশা ফেরি ঘাটে আসা যাত্রী আবদুল খালেক, বাতেন মিয়া, ফিরোজা বেগমসহ অনেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেরিতে ভাড়া ২৫ টাকা হলেও ট্রলারে যাত্রীদের কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা করে আদায় করা হয়। এছাড়া ঘাট ইজারাদাররাও ১০ টাকা করে ঘাট ভাড়া আদায় করে। তারা জানান, পরিবার-পরিজন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ঘাটে কোনো ফেরি না পেয়ে তারা ট্রলারে আসতে বাধ্য হয়েছেন। ইলিশা ঘাটে গিয়ে দেখা যায়, প্রায় পাঁচ হাজার যাত্রী ফেরিঘাটে আটকে আছেন। এদের সবাইকে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে ৫২টি ট্রলারে করে পাঠানো হয় ওপারের মজু চৌধুরী ঘাটের দিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৮৩৪ ঘ.