২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মনমোহনের সফরের আলোচ্যসূচি চূড়ান্ত হচ্ছে'

মনমোহন সিংয়ের ঢাকা সফরে হতে যাওয়া চুক্তি ও আলোচনার বিষয় নির্ধারণে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ ও ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিংয়ের ঢাকা সফরে হতে যাওয়া চুক্তি ও আলোচনার বিষয় নির্ধারণে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ ও ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা এবং সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেননের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব বিষয়ে আলোচনা করছেন। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী রোববার সন্ধ্যা ৭টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ আলোচনা সোমবার দুপুর পর্যন্ত চলবে। "মনমোহন সিংয়ের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা সেগুলো চূড়ান্ত করা হচ্ছে।" দুদিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকা আসছেন মনমোহন সিং। তার বাংলাদেশ সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে রোববার সকাল ১১টায় একটি বিশেষ বিমানে ঢাকা পৌঁছান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেনন। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে শিব শংকরের দেখা করার কথা। মনমোহনের এই সফরে সীমানা বিরোধ, তিস্তার পানি বণ্টনসহ ট্রানজিট বাস্তবায়নে কয়েকটি প্রটোকল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়গুলোর অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন শিবশংকর মেনন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২০২০ ঘ.