খুলনা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'পানি সরাও-নদী বাঁচাও', 'পানি সরাও-মানুষ বাঁচাও' দাবিতে খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক অবরোধ করেছে কয়েকশ' পানিবন্দি মানুষ।
রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চুকনগর চৌরাস্তা মোড়ে এ অবরোধ হয়। এ সময় রাস্তায় শত শত যানবাহন আটকা পড়ে।
স্থানীয় পানি কমিটি এবং বানভাসী সংহতি মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে।
পানিবন্দিদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ, কপোতাক্ষসহ সব নদী খনন করার দাবি জানান অবরোধকারীরা।
এর আগে স্থানীয় চুকনগর গার্লস স্কুল প্রাঙ্গণে এক সমাবেশে বক্তব্য দেন পানি কমিটির সভাপতি এ বি এম শফিকুল ইসলাম, রেজাউল করিম, বানভাসী সংহতি মঞ্চের সদস্য সচিব শেখ আশরাফ উজ জামান, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, শেখ মোশারফ হোসেন, জাসদ নেতা জিল্লুর রহমান, হাফিজুর রহমান, সিপিবি নেতা মহেন্দ্রনাথ সেন, উন্নয়ন কর্মী খালিদ হোসন প্রমুখ।
খুলনা, সাতক্ষীরা ও যশোর এলাকায় স¤প্রতি অতি বৃষ্টির কারণে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে।
বক্তারা বলেন, প্রায় এক মাস এই তিন জেলার মানুষ পানিবন্দি থাকলেও সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি।
তারা ক্ষতিগ্রস্ত এলাকাসমূহকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৪ ঘ.
bdnews24