২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারের জন্য জড়ো করা ৩ শিশু উদ্ধার

কমলগঞ্জের সীমান্তবর্তী একটি গ্রাম থেকে পাচারের উদ্দেশ্যে জড়ো করা তিন শিশুকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

মৌলভীবাজার, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলগঞ্জের সীমান্তবর্তী একটি গ্রাম থেকে পাচারের উদ্দেশ্যে জড়ো করা তিন শিশুকে উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে দক্ষিণ কানাইদাশী গ্রামের তিনটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়েছে বলে জানান কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুধীন চন্দ্র দাশ। উদ্ধারকৃতরা হলো- সুনামগঞ্জের দিরাই উপজেলার হরনগর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে কামরুল হাসান (১০) ও গোলাপ মিয়ার ছেলে ইমন (৬) এবং শ্রীমঙ্গল উপজেলার ফজলু মিয়ার ছেলে ছগির মিয়া (৪)। তাদেরকে কমলগঞ্জ থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সুধীন চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কামরুলের দেওয়া ঠিকানা যাচাই করা হচ্ছে। ইমন ও ছগির তাদের বিস্তারিত ঠিকানা বলতে পারেনি। তবে তাদের ব্যাপারে ইতোমধ্যে বিভিন্ন থানায় তারবার্তা পাঠানো হয়েছে। ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সোলেমান মিয়া তাদের উদ্ধার করেন বলেও জানান তিনি। এ ব্যাপারে সোলেমান মিয়া সাংবাদিকদের বলেন, "শিশু তিনটিকে উদ্ধার করার জন্য প্রথমে গ্রাম পুলিশ সদস্যদের পাঠিয়েছিলাম। তারা ব্যর্থ হয়ে ফিরে এলে আমি নিজে গিয়ে উদ্ধার করে নিয়ে আসি।" "এদের মধ্যে ওই গ্রামের নূর উদ্দিনের বাড়ি থেকে ইমন, হান্নান মিয়ার বাড়ি থেকে কামরুল ও ফরিদ মিয়ার বাড়ি থেকে শিশু ছগিরকে উদ্ধার করা হয়", যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭৫২ ঘ.