মৌলভীবাজার, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে চুরি হওয়া দুটি গাড়ি চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়ি দুটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক (২৫), কলসপুর গ্রামের সোহেল রানা (২৭) ও করিয়া গ্রামের মিজানুর রহমান (৩০)।
মৌলভীবাজার থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আলমগীর হোসেন রোববার দুপুরে এক সংবাদ সম্মেলেনে বলেন, দুই মাস আগে মৌলভীবাজার থেকে দুটি নোয়াহ ব্র্যান্ডের গাড়ি চুরি হয়। গত দুই সপ্তাহে ঢাকা ও সিলেট থেকে গাড়ি চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার চাঁদপুরের কচুয়া থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের নিয়ে অভিযান চালিয়ে কচুয়া বাস স্ট্যান্ড সংলগ্ন গ্যারেজ এবং কলসপুর গ্রাম থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয় বলে পুলিশ সুপার জানান।
তিনি বলেন, "চোর চক্রের সদস্যরা চুরি করার পর গাড়ি দুটির রং বদলে ফেলে ও ভুয়া নম্বর প্লেট লাগিয়ে নিয়েছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৬০৭ ঘ.
bdnews24