মানিকগঞ্জ, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজীরহাট যাওয়ার সময় ট্রলারে ডাকাতের হামলায় আহত হয়েছেন এক র্যাব সদস্য। এ সময় ডাকাতরা যাত্রীদের মালামাল লুট করে।
শুক্রবার গভীর রাতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর এলাকা থেকে র্যাব-১১ এর কনস্টেবল আব্দুল গনিকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আব্দুল গনির বাড়ি পাবনার বেড়া উপজেলার পুরান মাসুমদিয়ায়। ঈদের ছুটিতে তিনি কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
ট্রলার যাত্রীদের বরাত দিয়ে শিবালয় ও হরিরামপুর থানা পুলিশ জানায়, রাত ৮টার দিকে শিবালয় উপজেলার আরিচা ঘাট থেকে আব্দুল গনিসহ আরো ১০ যাত্রী একটি ট্রলার ভাড়া করে পাবনার কাজীরহাট যাচ্ছিলেন। এরপর ট্রলার মালিক আরো পাঁচ যাত্রী ট্রলারে ওঠায়।
ট্রলারটি মাঝ নদীতে পৌঁছলে পরে ওঠানো যাত্রীবেশী ওই পাঁচ ডাকাত ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের টাকাপয়সা লুট করার সময় বাধা দেন আব্দুল গনি।
এ সময় ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নদীতে ফেলে দেয়। ট্রলারের অন্য যাত্রীরা নদী সাঁতরে বিভিন্ন স্থানে চলে যায়।
হরিরামপুর থানার ওসি শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১টার দিকে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর এলাকা থেকে নদীতে ভেসে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে হরিরামপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
শিবালয় থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নৌ-টহল জোরদার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৯ ঘ.
bdnews24