২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুকোচুরির কিছু নেই: গওহর

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী আশা করছেন, মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর একটি 'স্মরণীয়' ঘটনা হয়ে থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 04:53 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে- এমন আশা প্রকাশ করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, এই সফরে যেসব চুক্তি হবে তার সবই প্রকাশ করা হবে। শনিবার রাজধানীর সেগুনবাগিচার এক রেস্তোরাঁয় ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডিক্যাব) ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহনের এই সফরে সীমানা বিরোধ এবং তিস্তার পানি বণ্টনের মতো অমিমাংসিত বিষয়গুলোসহ ট্রানজিট বাস্তবায়নে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে আশা করেন তিনি। আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকা আসছেন মনমোহন সিং। তার স্ত্রী গুরশরণ কাউর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, মেঘালয়ের মুকুল সাংমা, ত্রিপুরার মানিক সরকার, আসামের তরুণ গগৈ ও মিজোরামের লাল থানাওয়ালা এই সফরে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মনমোহন সিংয়ের এই সফরের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন গওহর। তবে তার বক্তব্যের একটি বড় অংশজুড়ে ছিল 'ট্রানজিট'। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরকে বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য একটি 'বাঁক' অভিহিত করে উপদেষ্টা বলেন, যারা ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তির বিরোধিতা করছে, তারা 'ভুল' তথ্য প্রচার করছেন। "ট্রানজিটের জন্য নতুন করে কোনো চুক্তি করার প্রয়োজন নেই, কারণ ১৯৭৪ সালে ইন্দিরা-মুজিব চুক্তিতেই এ বিষয়টি রয়েছে। এখন আমাদের ট্রানজিট রুটসহ অন্যান্য খুঁটিনাটি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে।" গওহর রিজভী বলেন, দেশভাগের পর ১৯৪৭ সাল থেকেই ভারত ও বাংলাদেশের (তখনকার পূর্ব পাকিস্তান) মধ্যে ট্রানজিটের বিষয়টি ছিল। কিন্তু ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর তা বন্ধ হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যকার চুক্তিতে ট্রানজিটের বিষয়টি আবার আসে। সেখানে নৌ, সড়ক ও আকাশ পথে ট্রানজিট সুবিধা বিনিময়ের কথাও ছিল। "কিন্তু ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেই চুক্তি আর বাস্তবায়িত হয়নি," বলেন গওহর। অবকাঠামোগত প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেলেই ট্রানজিট সুবিধা বিনিময় শুরু হবে বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান। চলতি বছরের শুরুতে আশুগঞ্জ হয়ে আখাউড়া-আগরতলা দিয়ে ভারতের পালটানা বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ পরিবহনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, "প্রথমে নৌপথে এ প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর রেল ও আকাশপথেও ট্রনজিট বাস্তবায়িত হবে।" ভারতকে এ ভূখণ্ডের ওপর দিয়ে পণ্য পরিবহনের সুযোগ দিলে বাংলাদেশের কোনো লাভ হবে না- এমন সন্দেহ উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "ট্রানজিট ফি থেকে আমরা অবশ্যই লাভবান হব।" "আসলে আমরা যে লাভ পাব- তার খুবই ছোট একটি অংশ ট্রানজিট ফি থেকে আসবে। বাণিজ্য, বিনিয়োগ আর কর্মসংস্থান থেকেও আমরা লাভবান হব।" কেবল 'সম্পর্কোন্নয়নের' কারণেই গত ১২ মাসে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে বিশেষজ্ঞদের দিয়ে সরকার একটি প্রতিবেদন তৈরি করিয়েছে জানিয়ে গওহর বলেন, ওই প্রতিবেদনের ভিত্তিতেই বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান- সব পক্ষের জন্য গ্রহণযোগ্য ট্রানজিট ফি চূড়ান্ত করা হবে। ভারতকে ট্রানজিট দিলে বাংলাদেশ বছরে ঠিক কী পরিমাণ লাভ পাবে, সে সম্পর্কে স্পষ্ট কিছু না জানাতে পারলেও উপদেষ্টা বলেছেন, ট্রানজিটের অবকাঠামো খাতে যে ব্যয় হবে তা ৭ থেকে ১৫ বছরের মধ্যে উঠিয়ে আনতে পারবে বাংলাদেশ। এক প্রশ্নের জবাবে গওহর রিজভী জানান, বাংলাদেশ ট্রানজিট ব্যবস্থার আওতায় ভারতের ওপর দিয়ে নেপাল ও ভুটানে পণ্য পরিবহন করতে পারবে। গত বছর শেখ হাসিনার দিল্লি সফরে দুই প্রধানমন্ত্রী যে যৌথ ঘোষণা দিয়েছিলেন, মনমোহনের এবারের সফরে তার অগ্রগতি পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। "আমরা এখানেই থেমে থাকব না। এই সহযোগিতাকে আরো এগিয়ে নেব আমরা," যোগ করেন তিনি। মনমোহন সিংয়ের সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা, বিনিয়োগ এবং তিস্তার পানিবণ্টনসহ দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে একটি কাঠামো চুক্তির বিষয়েও আলোচনা হবে। এই সফরে যেসব চুক্তি বা সমঝোতা হবে- তার কোনোটিই 'লুকানো' হবে না বলেও উল্লেখ করেন গওহর। যারা 'গোপন' চুক্তির কথা বলে জনগণকে 'বিভ্রান্ত' করছে, তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "সবকিছুই প্রকাশ করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/২২৪৫ ঘ.