ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগে সিঙ্গারের একটি শো রুমে ব্যবস্থাপককে পিটিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ৫৭ পিলখানা রোড আজিমপুরে এ ঘটনা ঘটে বলে আহত ব্যবস্থাপক নিয়ামুল হক জানান। নিয়ামুলকে (৩৫) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি হাসপাতালে সাংবাদিকদের বলেন, "১০/১২ জন যুবক আমাকে মারতে মারতে শো-রুমে ঢুকে পড়ে। কয়েকটি টেলিভিশনের মনিটর ভেঙে ক্যাশ থেকে প্রায় তিন লাখ টাকা নিয়ে যায়।"
যুবকদের মধ্যে নুরুজ্জামান নামে স্থানীয় এক যুবককে চিনতে পেরেছেন বলে নিয়ামুল দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২১২ ঘ.
bdnews24