বাগেরহাট, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাওনা টাকা চাইতে এসে বৃহস্পতিবার বাগেরহাট সদর উপজেলায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন।
এ ঘটনায় সুবোধ সরকার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রসুলপুর গ্রামে এ ঘটনায় তিন জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
আসামিরা হলেন রসুলপুর গ্রামের কাশেম শেখ (২৩), আকবর সরদার (২৪) ও আবুল হোসেন (২২)।
নির্যাতিত গৃহবধূটি (২৮) জানান, পাওনা টাকা চাইতে তিনি বৃহস্পতিবার বিকালে যশোর থেকে রসুলপুর গ্রামে পূর্ব পরিচিত সুবোধ বিশ্বাসের বাড়িতে যান।
সুবোধ তাকে ওই গ্রামের যুবক কাশেম শেখের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার কাছ থেকে টাকা নিতে বলেন।
সন্ধ্যায় তিনি কাশেমের বাড়ি গেলে অপর দুই সহযোগীসহ কাশেম তাকে ধর্ষণ করে।
গৃহবধূ আরো অভিযোগ করেন, বিষয়টি জানাজানি হলে শুক্রবার সকালে তাকে স্থানীয় ইউপি সদস্য জামাল মোড়লের বাড়িতে নিয়ে সারাদিন আটকে রাখে।
রাখালগাছি ইউপি চেয়ারম্যান আবু মামীম আছনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তিনি এলাকার বাইরে থাকায় জামাল মোড়ল ফোনে বিষয়টি তাকে জানান। রাতে তিনি এলাকায় ফিরে মেয়েটিকে থানায় পাঠান।
ইউপি সদস্য জামাল মোড়ল বলেন, শুক্রবার সকাল থেকে মেয়েটি আমার হেফাজতে ছিল। কিন্তু তিনি মামলা করতে না চাওয়ায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হয়।
বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, শনিবার সকালে ওই গৃহবধূ তিন জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুবোধ সরকারকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১৬ ঘ.
bdnews24