চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস শ্রমিককে লাঞ্ছিত করার প্রতিবাদে শনিবার চাঁপাইনবাবগঞ্জে প্রায় তিনঘণ্টা সড়ক অবরোধ করেছে ট্রাক ও মোটর শ্রমিকরা।
পরে জেলা প্রশাসকের আশ্বাসে তারা অবরোধ তা প্রত্যাহার করে।
চাঁপাইনবাবগঞ্জ ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার বিকালে চাপাইনবাবগঞ্জ থেকে নাচোলগামী একটি বাস আলীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়রের গাড়িকে ধাক্কা দেয়। এতে মেয়র ও তার লোকজন বাসের চালক ও সহকারীকে মারধর এবং গাড়ি ভাংচুর করে।
এর জেরে ট্রাক ও মোটর শ্রমিকরা শনিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক, বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক ও আলীনগর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর-নাচোল সড়ক অবরোধ করে।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কে এম আলী আজম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে বিষয়টি ঈদের পর সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। বেলা ১টা থেকে চলাচল স্বাভাবিক হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র আব্দুল মতিন বলেন, আলীনগর স্কুলের সামনে তার গাড়িকে একটি বাস ধাক্কা দিলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসের চালক ও সহকারীকে মারধর করে। পরে তিনি ও তার লোকজন গিয়ে তাদের রক্ষা করেন।
তিনি বা তার লোকজন মারধর ও গাড়ির কাচ ভাংচুরের সঙ্গে জড়িত নন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24