২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুবার্ষিকীতে স্মরণ নজরুলকে

মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করেছে দেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 06:55 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করেছে দেশ। বাংলা সন অনুযায়ী জাতীয় কবির ৩৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পালিত হয়। বঙ্গাব্দ ১৩৮৩'র ১২ই ভাদ্র (১৯৭৬ সালের ২৯ অগাস্ট) ঢাকায় মারা যান বিদ্রোহ ও সুন্দরের পূজারী নজরুল। মৃত্যুবার্ষিকীতে জাতীয় কবিকে স্মরণে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমি ও নজরুল ইনস্টিটিউট পৃথক কর্মসূচি পালন করেছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে ফুল দেন খিলখিল কাজীর নেতৃত্বে কবি পরিবারের সদস্যরা। এরপর একে একে সমাধিতে ফুল দিয়ে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নজরুল একাডেমী, নজরুল ইনস্টিটিউটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি দল কবির প্রতি শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদন করেন ভাষা সৈনিক আবদুল মতিন। পরে বিএনপি ও জাসাসের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানোর পর নজরুল কমপ্লেক্স প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা হয়। এতে কবির দর্শন ও জীবনের ওপর আলোকপাত করেন নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, "বিশ শতকে কবি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। একুশ শতকে এসে ধর্ম ও সাম্রাজ্যবাদসহ বিভিন্ন কারণে বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে অশান্তির। এসব থেকে মুক্ত হয়ে শান্তি প্রতিষ্ঠা করতে নজরুলকে অধ্যয়ন করতে হবে।" ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আনোয়ার হোসেন। ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। মাত্র ২২ বছরের সাহিত্যজীবনে তিনি অসংখ্য কবিতা, গান, উপন্যাস, প্রবন্ধ ও নাটক রচনার পাশাপাশি বেশ কিছু পত্রিকা সম্পাদনাও করেন। চলচ্চিত্রেও অভিনয় করেন এই বৈচিত্র্যপিয়াসী কবি। ১৯২২ সালে প্রকাশিত হয় নজরুলের বিখ্যাত কবিতা 'বিদ্রোহী'। ব্রিটিশ রাজের ভিত কেঁপে উঠেছিলো তার অগ্নিগর্ভ কবিতার বজ্রনির্ঘোষে। ব্রিটিশবিরোধী লেখার জন্য বেশ কয়েকবার কারারুদ্ধ হতে হয় তাকে। ভারতবর্ষের রাজনৈতিক মুক্তির অন্যতম শর্ত যে হিন্দু-মুসলমানের ঐক্য সে কথা তার মতো করে আর কেউ বোঝেননি। আজীবন তার সাহিত্য সাধনায় ও জীবনাচরণে সেই ঐক্যের সাধনা করে গেছেন তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনীন মুক্তি ও মানবতার অন্যতম প্রতীক নজরুল। সাহিত্যকে তিনি নিয়ে গেছেন সাধারণ মানুষের কাছে। বাংলা গানে সুরের যে বৈচিত্র্য তিনি রচনা করেছেন তা অতুলনীয়। কবির জীবনাচরণ ছিলো অনিয়ন্ত্রিত। সেই সঙ্গে দারিদ্র্যের কষাঘাত সইতে হয় তাকে। এ দুইয়ের ফলশ্র"তিতে চল্লিশের দশকের শুরু থেকে জটিল বিভিন্ন রোগে আক্রান্ত হতে শুরু করেন বিদ্রোহী কবি। এক পর্যায়ে বাকশক্তি হারান; বন্ধ হয়ে যায় তার লেখনী। এ সময় নজরুল ছিলেন কলকাতায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২৪ মে অসুস্থ কবি ও তার পরিবারের সদস্যদের নিয়ে আসা হয় ঢাকায়। এর কিছুদিন পর তাকে জাতীয় কবি ঘোষণা করা হয়। বাংলা সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে সম্মানসূচক 'ডি লিট' ডিগ্রি দেয়। ১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত করা হয় নজরুলকে। সে বছরই ২৯ অগাস্ট তৎকালীন পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানবতা ও বিদ্রোহের কবি নজরুল। রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তর পাশে, যেখানে এখন গড়ে উঠেছে নজরুল কমপ্লেক্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪৩ ঘ.