চাঁদপুর, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে বরিশালগামী একটি লঞ্চ চাঁদপুর সংলগ্ন মেঘনায় ডুবোচরে আটকা পড়েছে।
শুক্রবার সন্ধ্যায় সদরঘাট ছেড়ে আসা 'এমভি কালাম খান-১' লঞ্চটি রাত সাড়ে ১২টায় সদর উপজেলার হরিণা ফেরিঘাটের মাঝেরচর এলাকা অতিক্রমের সময় আটকা পড়ে বলে বিআইডাব্লিওটিএ কর্মকর্তারা জানিয়েছেন।
সকাল পৌনে ১১টা পর্যন্ত লঞ্চটি উদ্ধার করা যায়নি। ঈদের ঠিক আগে এ লঞ্চে সহস্রাধিক যাত্রী রয়েছে। সকাল সাড়ে ১০টায় 'এমভি মছিরন খান-১' নামে অন্য একটি লঞ্চ দিয়ে যাত্রীদের উদ্ধার কাজ শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর নদী বন্দরের উপ-পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ) মো. শাহাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশালগামী লঞ্চটি রাত সাড়ে ১২টায় মাঝেরচরে আটকা পড়ে। এর যাত্রীদের উদ্ধারের জন্য সকালে একটি লঞ্চ সেখানে যায়। কিন্তু চরের কারণে কাছে ভিড়তে পারেনি।
পরে পানি কিছুটা বেড়ে যাওয়ায় আটকেপড়া লঞ্চের কাছাকাছি গিয়ে যাত্রীদের উদ্ধার করা শুরু করে বলে জানান তিনি।
শাহজাহান বলেন, লঞ্চটি উদ্ধারের জন্য 'জোয়ার' এর অপেক্ষা করতে হবে। বিকেল ৫টায় জোয়ার আসতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪০ ঘ.
bdnews24