২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী ঢালীর চিকিৎসা সহায়তায় চবির তহবিল

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ঢালী আল মামুনের চিকিৎসা সহায়তায় একটি তহবিল খুলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 09:04 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

চট্টগ্রাম, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ঢালী আল মামুনের চিকিৎসা সহায়তায় একটি তহবিল খুলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফকে আহ্বায়ক করে ১২ সদস্যের একটি কমিটি করা হয়েছে। শুক্রবার বিকালে কমিটির সদস্য সচিব ও চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সেকান্দার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'ঢালী আল মামুনের চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য 'প্রফেসর ঢালী আল মামুন চিকিৎসা সহায়তা তহবিল' গঠন করা হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার রাতে চবি চারুকলা ইনস্টিটিউটের সভাকক্ষে কমিটির প্রথম সভায় ঢালী আল মামুনের চিকিৎসা সহায়তায় সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ তহবিলে যাতে সবাই অর্থ পাঠাতে পারে সে জন্য সোমবার একটি ব্যাংকে হিসাব নম্বর খোলা হবে বলে সেকান্দার জানান। গত ১৩ অগাস্ট মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ঢালী আল মামুন। একই দুর্ঘটনায় নিহত হন চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজন। আহত চিত্রশিল্পী ঢালী আল মামুনকে প্রথমে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১৯ অগাস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ব্যাংকক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আল মামুনের স্বজনদের বরাত দিয়ে সেকান্দার চৌধুরী জানান, গত বৃহস্পতিবার এই শিল্পীর কাঁধে একটি অস্ত্রোপচার হয়েছে। "ঢালী আল মামুনের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। তবে তাকে সেখানে (ব্যাংকক) দীর্ঘ সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/০৩০৩ ঘ.