২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহম্মেদের মৃত্যু: বিচার চান ২৫০ শিক্ষক

'পুলিশি নির্যাতনে' আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যু হয়েছে অভিযোগ করে এর বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী ২৫০ জন শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 08:52 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'পুলিশি নির্যাতনে' আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যু হয়েছে অভিযোগ করে এর বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী ২৫০ জন শিক্ষক। শুক্রবার এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, "পুলিশী হেফাজতে এম ইউ আহম্মেদের ওপর শারীরিক-মানসিক নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আমরা। একইসঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।" হাইকোর্টে হট্টগোলের মামলায় ১১ অগাস্ট সেগুন বাগিচার বাসা থেকে এম ইউ আহম্মেদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পরপরই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের পর তাকে নির্যাতন করা হয়। তবে পুলিশ তখন বলেছিলো, ওই আইনজীবীর হার্ট অ্যাটাক হয়েছে। গত ১৭ আগস্ট ওই মামলায় অন্য আইনজীবীদের সঙ্গে জামিন পান পান এমইউ আহম্মেদও। জামিনের পর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে সেখানেই তিনি মারা যান। বিবৃতিতে শিক্ষকদের পক্ষে স্বাক্ষর করেন বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন। বিবৃতিদাতাদের মধ্যে আরো রয়েছেন- অধ্যাপক এস এম এ ফায়েজ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক মো. আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ও অধ্যাপক মো. আখতার হোসেন খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০২৪৭ ঘ.