রাজশাহী, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের ঘটনায় রাজশাহীতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৫৯ বিজিবি সদস্য জামিনে মুক্তি পেয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে তারা রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান।
বুধবার রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে ৬৪ বিজিবি সদস্য জামিন পান।
এরমধ্যে বিশেষ আদালতে সাজাপ্রাপ্ত পাঁচজনের সাজার মেয়াদ শেষ না হওয়ায় মুক্তি পাননি বলে কারা কর্তৃপক্ষ জানায়।
রাজশাহী কারাগারের জেলার ফারুক আহমেদ সাংবাদিকদের জানান, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছলে ৫৯ জনকে মুক্তি দেওয়া হয়। এদের মধ্যে ১৭ জন বিজিবির (তৎকালীন বিডিআর) বিশেষ আদালতে সাজাপ্রাপ্ত ছিলেন। তাদের সাজার মেয়াদ ইতোমধ্যে শেষ হওয়ায় তারাও মুক্তি পেয়েছেন।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের জের ধরে ২৬ ফেব্রুয়ারি রাজশাহীর ৩৭ রাইফেল ব্যাটালিয়নে জওয়ানরা বিদ্রোহ করে।
এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ওসি রমজান আলী বাদী হয়ে ওই বছরের ১৭মে রাজশাহীর সিএমএম আদালতে ৯৩ বিডিআর জওয়ানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরদিন তারা গ্রেপ্তার হয়। এদের মধ্যে ৪৪ জনের বিশেষ আদালতে সাজা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৩ ঘ.
bdnews24