২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রসীমা: আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুনানি ৮ সেপ্টেম্বর

বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা বিরোধ নিষ্পত্তিতে আগামী ৮ সেপ্টেম্বর সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 05:13 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা বিরোধ নিষ্পত্তিতে আগামী ৮ সেপ্টেম্বর সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুনানি হবে। জার্মানির হামবুর্গভিত্তিক ইন্টারন্যাশনাল ট্রাইবুন্যাল ফর দি ল অব দি সি (আইটিএলওএস) এর প্রেসিডেন্টের সভাপতিত্বে ওই শুনানি হবে বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আইটিএলওএসের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ সেপ্টেম্বর এ মামলার প্রাথমিক শুনানি শুরু হবে। সেখানে আন্তর্জাতিক সমুদ্র আইন বিশেষজ্ঞ থমাস মেনসাহ বাংলাদেশের পক্ষে এবং অধ্যাপক বার্নার্ড এইচ অক্সমান মিয়ানমারের পক্ষে বক্তব্য তুলে ধরবেন। ৮ সেপ্টেম্বর প্রথম দফায় বাংলাদেশের মৌখিক শুনানি শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর ১৫ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মিয়ানমারের বক্তব্য শুনবে ট্রাইব্যুনাল। ২১ সেপ্টেম্বর থেকে আবারো বাংলাদেশের পক্ষে যুক্তি-তর্ক তুলে ধরা হবে এবং তা ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ২৪ সেপ্টেম্বর মিয়ানমার দ্বিতীয় দফায় তার বক্তব্য তুলে ধরবে। সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ২০০৯ সালের ১৪ ডিসেম্বর সমঝোতার ভিত্তিতে আইটিএলওএসে এই মামলা করে মিয়ানমার ও বাংলাদেশ। এপর ২০১০ সালের ১ জুলাই মিয়ানমার এবং ওই বছরই ১ ডিসেম্বর বাংলাদেশ নিজেদের দাবির পক্ষে নথিপত্র জমা দেয়। এদিকে বঙ্গোপসাগরে মহীসোপানে মালিকানা নিয়ে গত ২৫ ফেব্র"য়ারি জাতিসংঘে অবস্থানপত্র জমা দেয় বাংলাদেশ। এতে সাগরের সীমানা নির্ধারণের সূচনা বিন্দু থেকে ৪৬০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকায় বাংলাদেশের মালিকানা রয়েছে বলে সেখানে দাবি করা হয়। ওই অবস্থানপত্রে বলা হয়, "মহীসোপানে বাংলাদেশের মালিকানা সাগরের ২১ লাখ ৭২ হাজার বর্গকিলোমিটার এলাকার সমান।" কিন্তু গত ৩১ মার্চ জাতিসংঘে এক আপত্তিপত্রে মিয়ানমার দাবি করে, ২০০ নটিক্যাল মাইলের পর মহীসোপানে বাংলাদেশের কোনো অধিকার নেই। ভারতও গত ২০ জুন এ বিষয়ে জাতিসংঘে আপত্তিপত্র দেয়। সেখানে বলা হয়, বাংলাদেশ সমুদ্র সীমার সূচনা বিন্দু নির্ধারণে জাতিসংঘের সমুদ্র আইন (ইউএনসিএলওএস) মানেনি। মহীসোপানে বাংলাদেশের সীমানার এই দাবি নিয়ে জাতিসংঘে শুনানি হয় বুধবার। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আমাদের বক্তব্য জাতিসংঘে তুলে ধরেছি। সবকিছু চমৎকারভাবে হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/জেকে/০২২৫ ঘ.