২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকিজ পার্টিকেল মিলে বয়লার বিস্ফোরণ, আহত ২০

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডে বয়লার বিস্ফোরণে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 05:09 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

মানিকগঞ্জ, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডে বয়লার বিস্ফোরণে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তরা এলাকায় অবস্থিত এই মিলে বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। মানিকগঞ্জ ও ঘিওর ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ১১ জনকে ভর্তি করা হয় মানিকগঞ্জ সদর হাসপাতালে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন ম্যানেজার আব্দুল মান্নান মিয়া জানান, বিস্ফোরণের পর মিলটিতে আগুন ধরে যায়। কয়েকটি ইউনিটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি বলে তিনি জানান। মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিদগ্ধ চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৭ ঘ.