২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাপের খেলায় ছোবলে কিশোরের মৃত্যু

সাপের খেলা দেখতে গিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সাপের ছোবলেই এক কিশোরের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 04:43 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

সিরাজগঞ্জ, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাপের খেলা দেখতে গিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সাপের ছোবলেই এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে শাহজাদপুর সরকারি কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। নিহত জীবন (১৪) শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়ারপুর মহল্লার প্রয়াত হোসেন আলী ব্যাপারীর ছেলে। এলাকার লোকজন সাপুড়েকে আটক করে পুলিশে দিয়েছে। প্রত্যক্ষদর্শী সুজাবত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌর এলাকার দরগাপাড়ার আনোয়ার হোসেন (৪০) নামে এক সাপুড়ে শাহজাদপুর কলেজ চত্বরে সাপের খেলা দেখাচ্ছিল। এক পর্যায়ে খেলা দেখতে আসা জীবনের হাতে একটি শিকড় দিয়ে তার গলায় একটি বিষধর সাপ জড়িয়ে দেয়। বলা হয় ওই শিকড় সঙ্গে থাকলে সাপ কামড়ে না। কিন্তু বিষধর সাপটির ছোবলে কিছুক্ষণের মধ্যে ছেলেটি সংজ্ঞা হারিয়ে ফেলে। ওই সাপুড়ের ঝাড়ফুঁকের পরও অবস্থার অবনতি হলে স্থানীয় আরেকজন ওঝার বাড়ি নেওয়া হয় তাকে। সেখানে জীবন মারা যায়। শাহজাদপুর থানার পরিদর্শক রশিদুল হক জানান, সাপের ছোবলে কিশোরটি অজ্ঞান হওয়ার পর স্থানীয়রা সাপুড়েকে পিটুনি দিয়ে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে সাপসহ তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৮ ঘ.