ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার চাঁদ দেখা গেলে বুধবার ঈদ। আর সেক্ষেত্রে ঈদের আগে সরকারি কার্যদিবস থাকছে মাত্র একদিন, সোমবার। ওই দিনটি ছুটি নিলে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৯ দিনের ছুটি। এই সুযোগ কাজে লাগিয়ে ইতোমধ্যে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছে নগরবাসী। ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা।
বৃহস্পতিবার বিকেল থেকেই রাজধানীর বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতে ঈদে ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়। শুক্রবার সকাল থেকে নিয়মিত 'ট্রিপের' বাইরে অতিরিক্ত যানবাহন চালানো শুরু করেছেন বাস ও লঞ্চ মালিকরা।
এদিকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে স্টেশন ও টার্মিনালগুলোতে যাওয়ার পথে ট্যাক্সি ও অটোরিকশঅ না পোয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মিরপুর শেওড়াপাড়ার মোক্তার হোসেন শুক্রবার ক্ষোভ প্রকাশ করে বলেন, "সদরঘাটে যাওয়ার জন্য দেড় ঘণ্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি। একটা সিএনজি বা ক্যাব পেলাম না।"
এরও আধাঘণ্টা পরে তিনি একটি ট্যাক্সিক্যাব ঠিক করে পরিবারের সদস্যদের নিয়ে রওনা হন ৪০০ টাকা ভাড়ায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন উপ-পরিচালক মো. আলী সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার বিকেল থেকেই ঈদের বিশেষ সার্ভিস শুরু হয়েছে। প্রথম দিন ৩টি বাড়তি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে। শুক্রবার যাবে আরো পাঁচটি লঞ্চ।"
তিনি জানান, সড়কের অবস্থা খারাপ হওয়ায় লঞ্চে ভিড় কিছুটা বাড়তে পারে। তবে কোনো লঞ্চ যাতে অতিরিক্ত যাত্রী নিতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
বিকেলে যাত্রী বোঝাই হয়ে যাওয়ায় কয়েকটি লঞ্চকে নির্ধারিত সময়ের কিছু আগেই সদরঘাট ছাড়তে দেখা যায়।
অন্যদিকে কমলাপুল রেল স্টেশনে বিপুল সংখ্যক মানুষ ট্রেনে আসন না পেয়ে দাঁড়িয়ে ও ঝুলে বাড়ির পথে রওনা হন। তাছাড়া সময়মতো ট্রেন না আসায় অনেককেই স্টেশনে বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।
কমলাপুর স্টেশন মাস্টার এনপি সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার থেকে প্রতিটি ট্রেনের সঙ্গে অতিরিক্ত চারটি করে বগি লাগানো হয়েছে। আর ২৮ তারিখ থেকে যাত্রী পরিবহন করবে ঈদের তিনটি বিশেষ ট্রেন। "
ভিড় দেখা সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে। এর আগে টাঙ্গাইল, ময়মনসিংহ, বাগেরহাট, খুলনা রুটে বাস চলাচল কম থাকলেও শুক্রবার সকাল থেকে এসব রুটে যাত্রী পরিবহন বেড়েছে।
বিলাসবহুল বাসের টিকেট আগেই শেষ হয়ে যাওয়ায় অনেক যাত্রীই ছোট মিনিবাসে করে বাড়ির পথে রওনা হয়েছেন। সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে এসব বাসেরই আধিক্য দেখা যায় শুক্রবার।
গাবতলীতে সূর্যমুখী পরিবহনের ব্যবস্থাপক উজ্জল জানান, ২৮ অগাস্ট থেকে তারা অতিরিক্ত বাসে যাত্রী পরিবহন করবেন। সোমবার অফিস ছুটির পরই সবচেয়ে বেশি ভিড় হবে বলে তার ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২১৫৭ ঘ.
bdnews24