ঢাকা, অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- আদালতে হট্টগোলের ঘটনায় গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগ উঠলেও পরিবারের ইচ্ছা অনুযায়ী বিএনপি সমর্থক আইনজীবী এম ইউ আহম্মেদের লাশের ময়নাতদন্ত হয়নি।
স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান এই সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকের বলেন, "শেরেবাংলা নগর থানার ওসি বরাবর এম ইউ আহম্মেদের স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত হয়নি।"
সন্ধ্যা ৬টার দিকে পরিবাবের সদস্যরা লাশ নিয়ে যান বলে জানান শেরে বাংলানগর থানার ওসি জিয়াউজ্জামান।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, "এম ইউ আহম্মেদের লাশ ৬টার দিকে বারডেমে নেওয়া হয়েছে। রাতে সেখানেই হিমঘরে লাশ রাখা হবে।"
আদালতে হট্টগোলের মামলায় গত ১১ অগাস্ট সেগুন বাগিচার বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের পরপরই অসুস্থ হয়ে পড়েন এম ইউ আহম্মেদ। গ্রেপ্তারের পর তাকে নির্যাতন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হলেও পুলিশ বলে আসছে, তার হার্ট অ্যাটাক হয়েছিলো।
তার মৃত্যুর পর আবারো একই দাবি করেছেন উপ-কমিশনার মনিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোয়েন্দা কার্যালয়ে এম ইউ আহম্মেদকে কোনো নির্যাতন করা হয়নি। ১১ অগাস্ট সেহরির সময় গ্রেপ্তার করে গোয়েন্দা কার্যালয়ে আনার পরপরই অসুস্থবোধ করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জামিনের পর ১৬ জানুয়ারি তাকে দেওয়া হয় স্ত্রীর জিম্মায়।"
স্কয়ার হাসপাতালে এতোদিন তাহলে পুলিশ ছিলো কেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মনিরুল বলেন, "ওই হাসপাতালে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিও চিকিৎসা নেন। তাই সব সময় ওই হাসপাতালে পুলিশের একটি টহল দল থাকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেটি/এএল/২১২৩ ঘ.
bdnews24