২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে ফুলবাড়ি দিবস স্মরণ

নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার ফুলবাড়ি দিবস স্মরণ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার ফুলবাড়ি দিবস স্মরণ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা। বিকালে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে ফুলবাড়ি শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। এরপর একইস্থানে সঙ্গীতানুষ্ঠান ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রিটিশ কোম্পানি এশিয়া এনার্জির সঙ্গে সরকারের চুক্তি বাতিলের দাবিতে ২০০৬ সালের ২৬ অগাস্ট দিনাজপুরের ফুলবাড়িতে গণবিক্ষোভে বিডিআরের (বর্তমান বিজিবি) গুলিতে ছয়জনের মৃত্যু হয়েছিল। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দুলাল সাহা, নিখিল দাস, আবদুর রহমান, হিমাংশু সাহা, আওলাদ হোসেন, তরিকুল সুজন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, এশিয়া এনার্জির সঙ্গে তৎকালীন সরকারের চুক্তির অধীনে রয়্যালটি হিসেবে উত্তোলিত কয়লার ৬ শতাংশ বাংলাদেশ এবং ৯৪ শতাংশ এশিয়া এনার্জি পাওয়ার কথা ছিল। হাজার হাজার মানুষ ভিটাবাড়ি থেকে উচ্ছেদ হওয়া, ফসলি জমি বিনষ্ট ও প্রাকৃতিক বিপর্যয় ঘটিয়ে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ফুলবাড়ির সাধারণ মানুষ ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আন্দোলন শুরু করে। বিক্ষোভে বিডিআর'র গুলিতে ৬ জন নিহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা এশিয়া এনার্জির স্থাপনা ভেঙে ফেলে। চলতে থাকে লাগাতার অবরোধ। লাখো জনতা রাস্তায় সেমে আসে। এর পরিপ্রেক্ষিতে ৩০ অগাস্ট সরকার আন্দোলনকারী স্থানীয় জনতা এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সঙ্গে ৬ দফা চুক্তি করতে বাধ্য হয় এবং এশিয়া এনার্জির সঙ্গে সকল প্রকার চুক্তি বাতিলের ঘোষণা দেয়। তবে সেই ছয়দফা চুক্তি আজো বাস্তবায়িত হয়নি। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ওই ৬ দফা চুক্তিকে সমর্থন করেছিলেন। বক্তারা ফুলবাড়ি চুক্তি বাস্তবায়নের দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১২ ঘ.