চট্টগ্রাম, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজিদ থানার অক্সিজেন এলাকা থেকে চারটি বন্দুক, পাঁচ রাউন্ড কার্তুজ ও একটি রাম দা উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার বিকালে র্যাব-৭ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অক্সিজেন কেডিএস গার্মেন্টস সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
র্যাব-৭ এর উপ-পরিচালক সৈয়দ আলী আশফাক শামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের তথ্য পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করি। তবে তারা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে ওই স্থান থেকে চারটি থ্রি কোয়ার্টার বন্দুক, পাঁচ রাউন্ড কার্তুজ ও একটি রাম দা উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএইচ/এএল/২০৪১ ঘ.
bdnews24