ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় ইবনে সিনা হাসপাতালের এক চিকিৎসক ও দুই সেবিকাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে (রিমান্ড) পাঠিয়েছে আদালত।
ওই হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তাসহ ছয় জনকে শুক্রবার আদালতে হাজির করে পাঁচ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন ধানমণ্ডি থানার ওসি মো. মনিরুজ্জামান।
শুনানি শেষে মহানগর হাকিম শামীমা পারভীন চিকিৎসক সৈয়দ আনোয়ারুল আবেদীন এবং সেবিকা আমেনা খাতুন ও আয়েশা আক্তার মলির জন্য দুই দিনের হেফাজত মঞ্জুর করেন।
এছাড়া ওই হাসপাতালের মহাব্যবস্থাপক আমিনুল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান ও আকতার হোসেন খানকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শেখ ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এক নবজাতকের মৃত্যুর ঘটনায় তার বাবা ইদ্রিস শিকদার বুধবার একটি মামলা করেন। সে মামলায় ধানমণ্ডি থানা পুলিশ বৃহস্পতিবার বিকালে এই চিকিৎসক-কর্মকর্তাদের গ্রেপ্তার করে।
গত ১৫ অগাস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীতে প্রচারিত একটি প্রতিবেদনে ইদ্রিসের সন্তানের মৃত্যুর খবর প্রচার করে বলা হয়, চিকিৎসায় অবহেলাই ওই শিশুর মৃত্যুর কারণ।
বিষয়টি হাইকোর্টের নজরে এলে বৃহস্পতিবার ওই হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বাদে অন্য সব সদস্যকে গ্রেপ্তারের নির্র্দেশ দেয় আদালত। এ বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৮২৬ ঘ.
bdnews24