২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পুলিশ দেখলে চমকে উঠতেন তিনি'

এম ইউ আহম্মেদের স্ত্রী বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্বামীর আচরণে পুলিশি নির্যাতনের ইঙ্গিত মিলেছে। এদিকে এ মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন ব্যারিস্টার রফিক উল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইউ আহম্মেদের স্ত্রী বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্বামীর আচরণে পুলিশি নির্যাতনের ইঙ্গিত মিলেছে। এদিকে এ মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন ব্যারিস্টার রফিক উল হক। শুক্রবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান হাইকোর্টে হট্টগোলের মামলার আসামি বিএনপি সমর্থক আইনজীবী মমতাজউদ্দিন (এম ইউ) আহম্মেদ। গত ১১ অগাস্ট গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তার পরিবার তখনি গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলে। তবে পুলিশ তখনি এ অভিযোগ অস্বীকার করেছিলো। জামিনে মুক্তির পর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আহম্মেদ। সেখানেই মৃত্যু হয় তার। এম ইউ আহম্মেদের স্ত্রী সেলিনা আহম্মেদ শুক্রবার হাসপাতালে সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারের পর হাসপাতালে প্রথম দেখা হওয়ার পর তিনি তার স্বামীর কছে নির্যাতনের বিষয়ে জানতে চেয়েছিলেন। "তখন তিনি বলেছিলেন, 'এসব কথা বল না, বললে এরা আমাকে আরো মারবে'। সে সময় তিনি পুলিশ দেখলে চমকে উঠতেন", বলেন সেলিনা। এদিকে ঢাকা মহানগর পুলিশ নির্যাতনের অভিযোগ নাকচ করে বলেছে, গ্রেপ্তারের পর আহম্মেদ অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, আইনজীবী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। শুক্রবার বিকালে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জামিনের পর গত ১৬ অগাস্ট হৃদরোগ ইনস্টিটিউটে আহম্মেদের জিম্মা তার স্ত্রী নেন এবং পরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করেন। তবে সেলিনা দাবি করেছেন, তার স্বামীর মৃত্যু হত্যাকাণ্ড। এজন্য হাইকোর্টের দুই বিচারপতি (যাদের বেঞ্চে জামিন আবেদন করা হয়েছিলো), অ্যাটর্নি জেনারেল, ডিবি পুলিশের 'নির্যাতনকারী' কর্মকর্তা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে তাদের পদত্যাগ দাবি করেন তিনি। আহম্মেদের মৃত্যুর খবর পেয়ে বিএনপি সমর্থক অনেক আইনজীবী স্কয়ার হাসপাতালে যান। প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকও যান সেখানে। তিনি সাংবাদিকদের বলেন, "আমি কোনো দলের নই। এক জন আইনজীবীর মৃত্যুর খবর পেয়ে এখানে এসেছি। এক জন আইনজীবীর এ ধরনের মৃত্যু দুঃখজনক।" আহম্মেদের মৃত্যুর কারণ উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন ব্যারিস্টার রফিক। এম ইউ আহম্মেদ অসুস্থ থাকা অবস্থায় সেলিনার রিট আবেদনে গত ২১ অগাস্ট হাইকোর্ট বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ অন্য যে কোনো হাসপাতালে সরকারি খরচে ওই আইনজীবীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে বলে। 'প্রয়োজনে' এম ইউ আহম্মেদকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তাও জানতে চেয়েছিলো হাইকোর্ট। এ ছাড়া গ্রেপ্তারকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম কেন প্রকাশ করা হবে না, তা জানতে চেয়েছিলো আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কেটি/এমআই/১৮১৫ ঘ.