২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তা সংস্কারের মানববন্ধনে চড়াও ছাত্রলীগ-যুবলীগ

রাস্তা সংস্কারের দাবিতে টাঙ্গাইলে সখীপুর বাসস্ট্যান্ডের বিএনপির মানববন্ধনে হামলায় খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

টাঙ্গাইল, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তা সংস্কারের দাবিতে টাঙ্গাইলে সখীপুর বাসস্ট্যান্ডের বিএনপির মানববন্ধনে হামলায় খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। সখীপুর-গোড়াইসহ বেশকিছু বেহাল সড়ক সংস্কারের দাবিতে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় দুর্বৃত্তরা লাঠিসোটা নিয়ে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এতে আহমেদ আযম খান, এটিএন বাংলার টাঙ্গাইল প্রতিনিধি মো. নাসির উদ্দিন, চ্যানেল-আই প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, দৈনিক আমার দেশের সখীপুর প্রতিনিধি আনোয়ার কবীরসহ অর্ধশতাধিক আহত হন। আহতদের অনেককে সখীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আহমেদ আযম খান দাবি করেন, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে মানববন্ধন পণ্ড করে দিয়েছে। তাদের মারধরে দৈনিক আমার দেশের সখীপুর প্রতিনিধি আনোয়ার কবীরের হাত ভেঙে গেছে। সন্ত্রাসীরা ওই সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়েছে বলেও দাবি করেন তিনি। "পরে বিএনপির নেতা কর্মীরা দলীয় কার্যালয়ে আশ্রয় নিলে সেখানে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। আহতদের সখীপুর হাসপাতালে নেওয়ার পর সন্ত্রাসীরা সেখানেও হামলা করে", যোগ করেন আহদে আযম। এটিএন বাংলার টাঙ্গাইল প্রতিনিধি নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাদ থেকে মানববন্ধনের ভিডিও ফুটেজ নিয়ে নিচে নেমে আসার পর ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা আমাদের দিকে তেড়ে আসে। আমার সঙ্গে চ্যানেল আই ও আমাদের দেশের টাঙ্গাইল প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা ছিলেন। এক পর্যায়ে তারা আমাদের মারধর করতে শুরু করে।" হামলায় কয়েকজন সাংবাদিকসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের অর্ধশতাধিক আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। সখীপুর থানার ওসি মোজাম্মেল হক হামলার সত্যতা স্বীকার করলেও কারা এ হামলা চালিয়েছেন তা জানা নেই- দাবি করে বলেন, "নিরাপত্তা নিশ্চিত করতে কর্মসূচির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিলো। তারপরও হামলার এ ঘটনা ঘটে।" আহমেদ আযম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮০৪ ঘ.